জানা নিউজ

ভোজিনহাকে সংবর্ধনা জানাতে হাজারো মানুষের ঢল

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার নতুন অধ্যায় শুরু করতে চিলিতে পৌঁছেছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। আর তাকে ঘিরে শুরু থেকেই ছিল তুমুল উন্মাদনা। সান্তিয়াগো বিমানবন্দরে জড়ো হওয়া হাজারো কলো কলো সমর্থক প্রিয় তারকাকে স্বাগত জানাতে তৈরি করেছিলেন উৎসবের পরিবেশ। জার্সি, উপহার আর করতালিতে মুখর হয়ে ওঠে বিমানবন্দর, যেখানে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে আলোচনায় উঠে আসা ভোজিনহা মাদ্রিদ হয়ে চিলির রাজধানী সান্তিয়াগোতে পৌঁছান। বিমানবন্দরে ক্লাব কর্মকর্তাদের পাশাপাশি বিপুলসংখ্যক সমর্থক তার নাম ধরে স্লোগান দেন এবং অটোগ্রাফ নেওয়ার জন্য ভিড় করেন। বিমান থেকে নামার মুহূর্তের ছবি প্রকাশের মধ্য দিয়েই তার দলবদল নিয়ে চলা সব জল্পনার অবসান ঘটে। এর আগে কয়েক দিন ধরেই তার ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন চলছিল। বিভিন্ন প্রতিবেদনে মরক্কোর ক্লাব রেনেসাঁ দে বারকানের আগ্রহের কথাও উঠে এসেছিল। তবে ভোজিনহার চিলিগামী সফর নিশ্চিত হওয়ার পর সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। চিলিতে পৌঁছানোর যাত্রাও ছিল কিছুটা নাটকীয়। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তে জানায়, প্রথমে গত মঙ্গলবার, পরে গত বুধবার এবং শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার তার আগমনের সময় নির্ধারণ করা হয়। চিলির সংবাদপত্র লা তেরসেরাকে কলো কলোর প্রধান নির্বাহী জাইমে পিসারো জানান, ব্যক্তিগত কারণ এবং কেপ ভার্দে ও লিসবনে কিছু প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হওয়ায় এই বিলম্ব ঘটে। তার আগমনের নির্দিষ্ট সময় নিয়ে অনিশ্চয়তা সমর্থকদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ক্রীড়া সংবাদমাধ্যমে মুহূর্তে মুহূর্তে তারা আপডেট অনুসরণ করছিলেন। অবশেষে ক্লাব যখন সাবেক গোলরক্ষক ও বর্তমান ক্রীড়া পরিচালক ড্যানিয়েল মোরনের সঙ্গে বিমানবন্দরে ভোজিনহার ছবি প্রকাশ করে, তখনই স্বস্তি ফিরে আসে সমর্থকদের মধ্যে। চাভেসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে বিশ্বকাপে খেলেছিলেন ভোজিনহা। এখন তিনি চিলিয়ান জায়ান্ট কলো কলোতে যোগ দিয়ে কোচ ফার্নান্দো অর্টিজের অধীনে নতুন চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছেন। বিশ্বকাপে তার পারফরম্যান্সই মূলত এই দলবদলের পথ সহজ করে দেয়। ১৮টি সেভ, দুটি ক্লিন শিট এবং স্পেনের বিপক্ষে স্মরণীয় পারফরম্যান্সের সুবাদে তিনি টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা করে নেন। পাশাপাশি ৩৮.৬ শতাংশ ভোট পেয়ে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের স্বীকৃতিও অর্জন করেন। বিশ্বকাপের পর কেপ ভার্দেতে ছুটি কাটানোর সময়ও ভক্তদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন ভোজিনহা। বিভিন্ন পোস্টে তাকে সমর্থকদের জন্য বল ও জার্সিতে স্বাক্ষর দিতে দেখা যায়। তবে ২৪ জুলাই কলো কলো ‘স্বাগতম, আমরা তোমার জন্য মনুমেন্টাল স্টেডিয়ামে অপেক্ষা করছি’ বার্তায় তার যোগদানের ঘোষণা দেওয়ার পরও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ক্লাব নিয়ে কোনো পোস্ট করেননি এই অভিজ্ঞ গোলরক্ষক।