জানা নিউজ

ভারত জয় না পাওয়ায় সুবিধা হলো বাংলাদেশের

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের পয়েন্ট টেবিলে আগের মত চতুর্থ স্থানেই রয়েছে বাংলাদেশ। তবে পঞ্চম স্থানে থাকা ভারতের সাথে পয়েন্টের ব্যবধান বেড়েছে টাইগারদের। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ড্র করে পয়েন্টের শতাংশ কমেছে ভারতের। কলম্বো টেস্টে ভারত জিতলে বাংলাদেশকে টপকে চারে উঠে যেত ভারত। পাঁচে নেমে যেত বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার শেষ দিনের দুর্দান্ত প্রত্যাবর্তনের ফলে কলম্বোতে জিততে পারেনি ভারত। ফলে রয়ে গেছে আগের অবস্থান পাঁচেই। বর্তমানে পাঁচে থাকা ভারতের পয়েন্ট ৫১.৫২%। অন্যদিকে চারে থাকা বাংলাদেশের পয়েন্ট ৫৫.৫৬%। ৩৩.৩৩% পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের উপরে থাকা নিউজিল্যান্ড রয়েছে তিনে, তাদের পয়েন্ট ৭২.২২%। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৭৫%, অন্যদিকে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৮০%। সেরা দুই দল খেলবে ফাইনালে। ফাইনালের আগে যদিও বাকি আছে অনেক সিরিজ। হিসাব নিকাশও বাকি আছে প্রচুর। বাংলাদেশ যদি নিজেদের বাকি ৬ টেস্টের মধ্যে অন্তত ৪টিতে জিততে পারে, সেক্ষেত্রে ভালোভাবেই ফাইনালের দৌড়ে টিকে থাকবে বাংলাদেশ। ৬ টেস্টের মধ্যে ২টি দক্ষিণ আফ্রিকাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ৪টি টেস্ট আছে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা টেবিলে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ বেশ পিছিয়ে আছে, রয়েছে যথাক্রমে ৭ম এবং ৮ম স্থানে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। ২০২৫ সালের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল প্রোটিয়ারা।