জানা নিউজ

ভারতে ছয় আরোহীসহ হেলিকপ্টার নিখোঁজ

ভারতের উত্তরাখণ্ডের জশিমঠ-বদ্রিনাথ রুটে চলা একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। এতে পাইলটসহ ছয়জন আরোহী ছিলেন। এই অঞ্চলটি উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত। বদ্রিনাথ সেখানকার অত্যন্ত পরিচিত একটি তীর্থস্থান হিসেবে পরিচিত। সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল শুক্রবার জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে বদ্রিনাথ থেকে হেলিকপ্টারটি যাত্রা শুরু করে। এরপর হাতি পর্বত এলাকায় এসে এটি নিখোঁজ হয়ে যায়। ওই সময় সেখানে তুষারপাত হচ্ছিল। হেলিকপ্টার নিখোঁজ হওয়ার পর পর সেনাবাহিনী ও রাজ্যের উদ্ধারকারী বাহিনী হেলিকপ্টারটির খোঁজ পেতে উদ্ধার অভিযান শুরু করেছে। রাজ্যের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আশঙ্কা করা হচ্ছে সেখানে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটছে।’ চন্দ্রশেখর বিশ্বনাথ নামে এ কর্মকর্তা বলেছেন, “হ্যাঁ, সেখানে বিধ্বস্তের ঘটনার সম্ভাবনা আছে। সেনাবাহিনী, আমাদের রাজ্যের উদ্ধারকারী দল, পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের দল সেখানে যাচ্ছে। আমিও ঘটনাস্থলে যাচ্ছি।” গতবছরের জুনে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীতে যাওয়ার সময় একটি হেলিকপ্টার জঙ্গলে বিধ্বস্ত হয়েছিল। এ ঘটনায় সাতজন প্রাণ হারান। সূত্র: এনডিটিভি