জানা নিউজ

ভারতের হোটেলে কুমিল্লার যুবক নিহত, বোন ও ভগ্নিপতি চিকিৎসাধীন

ভারতের রাজধানী নয়াদিল্লির মালব্য নগর এলাকায় একটি আবাসিক হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের নূরুল আমিন সোহাগ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট বোন ও ভগ্নিপতিও গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের বিষয়টি শুক্রবার (০৫ জুন) সকালে নিহতের চাচাত ভাই হুমায়ুন কবির পাটোয়ারী নিশ্চিত করেন। নিহত যুবক তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের বাসিন্দা এবং আব্দুস সোবহানের ছেলে।

জানা যায়, চিকিৎসার উদ্দেশ্যে সোহাগ তার ছোট বোন ও ভগ্নিপতিকে নিয়ে সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান। সেখানে তারা মালব্য নগরের হাউজ রানি এলাকার একটি পাঁচতলা আবাসিক ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেলে অবস্থান করছিলেন।

উল্লেখ্য, বুধবার (৩ জুন) সকালে হোটেলটিতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার গ্যাস বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই নূরুল আমিন সোহাগের মৃত্যু হয়।

এদিকে, অগ্নিকাণ্ডে সোহাগের ছোট বোন ও ভগ্নিপতিও মারাত্মকভাবে দগ্ধ হন। তাদের উদ্ধার করে দ্রুত দিল্লির ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানান পরিবার।