জানা নিউজ

ব্রাহ্মণবাড়িয়া-শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ব্রাহ্মণবাড়িয়া ও শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সানি শাহের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রাণকেন্দ্র টিএ রোড থেকে শুরু হয়। এ সময় শেখ হাসিনার ছবি দিয়ে প্রদর্শিত ব্যানারে লেখা ছিল ‘প্রত্যাবর্তন ২.০, শেখ হাসিনা আসছে।’ ‘ডেডলাইন নভেম্বর, হেডলাইন ডিসেম্বর। মিছিলটি টিএ রোড থেকে শুরু হয়ে থানা ব্রিজ হয়ে সদর থানা সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সানি শাহ বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ একত্রিত হয়েছে

এদিকে রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি সড়কে মিছিল করছেন। তাদের কয়েকজনের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ছিল। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’ এবং ‘শেখ হাসিনা লড়বে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।  ভিডিওতে মিছিলটির নেতৃত্বে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু এবং শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারকে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মিছিলকারীরা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, কারাবন্দিদের মুক্তি এবং আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান বলে জানা গেছে। 

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের একটি ভিডিও পুলিশের নজরে এসেছে।

মিছিলটি কখন ও কোথায় হয়েছে, তা যাচাই করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।এর আগেও শরীয়তপুরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে।