জানা নিউজ

বিধ্বস্ত টুঙ্গিপাড়া আর কাশিয়ানী, থমথমে গোপালগঞ্জে আরও বিক্ষোভের প্রস্তুতি

বাংলাদেশের গোপালগঞ্জে দুই দিনের সহিংসতার পর টুঙ্গিপাড়া ও কাশিয়ানীসহ কয়েকটি এলাকা কার্যত বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে, যেখানে পুলিশ প্রশাসন অনেকটাই ভেঙ্গে পড়েছে।

টুঙ্গিপাড়ায় পুলিশ সদস্যদের এলাকা ছাড়ার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। হামলার আশঙ্কায় অধিকাংশ পুলিশ সদস্য থানা ছেড়ে জেলা পুলিশ লাইন্সে চলে গেছেন।

বুধবার সন্ধ্যা নাগাদ জেলা সদরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক দেখা গেছে। তবে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচি সামনে রেখে বুধবার সন্ধ্যায় জেলা শহরসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর মধ্যেই বৃহস্পতিবারের আওয়ামী লীগের কর্মসূচিতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নেওয়ার খবর পাওয়া গেছে।

সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলাগুলোর স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও তাদের অধিকাংশই ফোন রিসিভ করেননি বা কেটে দিয়েছেন। কয়েকজন কর্মকর্তা বলেছেন তাদের জন্য ‘কথা বলার মতো পরিস্থিতি নেই’।

বিবিসি বাংলার সংবাদদাতা আবুল কালাম আজাদ গোপালগঞ্জ ঘুরে এসে জানিয়েছেন, প্রায় ৮/৯ কিলোমিটার সড়কজুড়ে গাছের গুড়ি ফেলে রাখার কারণে সকাল থেকেই টুঙ্গিপাড়া যাওয়ার সড়ক ছিল বন্ধ।

অন্যদিকে সেখানকার স্থানীয় সাংবাদিকরা বলেছেন এলাকাটি এখন অনেকটাই ‘বিধ্বস্ত জনপদ’।

ওদিকে কাশিয়ানীতে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ‘তাণ্ডব’ চলেছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় বিএনপির কিছু কার্যালয়, গ্রামীণ ব্যাংকের কয়েকটি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা হয়েছে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।

সূত্রঃ বিবিসি নিউজ বাংলা