জানা নিউজ

বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল আ.লীগ নেতাকর্মীরা

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে গাড়ি থেকে নামিয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বতমার্নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় সঙ্গে থাকা বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে মারধর করে ছেড়ে দেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন বলেন, একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাগেরহাটে আসছিলাম।

পথে কয়েক জায়গার রাস্তায় ওপর গাছ ফেলে রাখা ছিল। অনেক চেষ্টা করে ঘোনাপাড়া এলাকায় এসেছি।
ঘোনাপাড়া আশপাশে থাকা অবস্থায় আওয়ামী লীগের (বতমার্নে কার্যক্রম নিষিদ্ধ) অস্ত্রধারী বেশ কয়েকজন আমাদের গাড়ি গতিরোধ করে আটকে দেয়। এক পর্যায়ে তারা গাড়ি ভাঙচুর শুরু করে এবং আমাদের নামিয়ে মারধরও করে কাছে থাকা টাকা, মানিব্যাগ, মোবাইলফোন ছিনিয়ে নেয়।
এ সময় তারা মোবাইলফোন ও মানিব্যাগ চেক করে আমাকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও, মনিরুল হক ফরাজির ফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি পাওয়ায় বিএনপি বিএনপি করে চিৎকার করে বিভিন্ন স্লোগান দেয়। এক পর্যায়ে মনিরুল হককে ওরা ধরে তুলে নিয়ে যায়। গাড়ি ফেলে আমি ও গাড়িচালক কোনোভাবে জীবন নিয়ে ফিরে এসেছি। 

শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন আরও বলেন, অনেক কষ্ট করে মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন-অর-রশীদের কার্যালয়ে রয়েছি। পুলিশকে জানানো হয়েছে। জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯- এ কল করে জানিয়েছি। মনিরুল হক ফরাজিকে খুঁজতে দলীয়ভাবেও চেষ্টা করা হচ্ছে। আর গাড়িটি কোন সড়কের পাশে পাওয়া গেছে বলে একটি সূত্র আমাদের জানিয়েছে। তবে এখন পর্যন্ত আমরা গাড়ির কাছে পৌঁছাতে পারিনি।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, মনিরুল হক ফরাজির অপহরণের ঘটনা আমাদের জানিয়েছেন শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি। সবাইকে জানানোও হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. জামিরুল ইসলাম বলেন, মনিরুল হককে অপহরণের ঘটনা আপনাদের মাধ্যমেই শুনেছি। আমরা খোঁজ-খবর নিচ্ছি।