বিএনপির মতবিনিময় সভায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ সাংবাদিকদের
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সম্পাদক, বার্তা প্রধান ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভা
প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলার প্রসঙ্গে যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ বলেন, এ ঘটনায় সমাজে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।
তিনি বলেন, বিএনপি বলতে পারে তারা ক্ষমতায় নেই। তবে ক্ষমতায় না থেকেও এর বিরুদ্ধে জোরালোভাবে দাঁড়ানো যেতো। বিএনপি কি এর বিরুদ্ধে দাঁড়াতে পেরেছে? তিনি আরও বলেন, আমরা বরাবরের মতো ক্ষমতাকে প্রশ্ন করতে চাই। তখনও প্রশ্ন করেছি, এখনও করছি। এর জন্য আমাদের ভিলেন বানানো হয়, নানা ট্যাগ দেওয়া হয়। আগামী দিনে এর অবসান ঘটবে বলে আমরা আশাবাদী। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ভবিষ্যতেও নিয়মিতভাবে—তিন বা ছয় মাস অন্তর—এ ধরনের সংলাপ আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাদের মতে, রাজনৈতিক দল ও গণমাধ্যমের মধ্যে ধারাবাহিক যোগাযোগ গণতন্ত্রের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠান শেষে বিএনপি নেতারা গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে একটি সুস্থ, গণতান্ত্রিক ও মতপ্রকাশের স্বাধীনতাসম্পন্ন রাষ্ট্র গঠনে দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।