সীমান্ত শহর নীলফামারীর সৈয়দপুরে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বেবী নাজনীন। শৈশবে দুরন্তপনার পাশাপাশি সুরের সঙ্গে ঘটে মেলবন্ধন। মাত্র ৫ বছর বয়সে সঙ্গীতে সম্পৃক্ততা তাঁর। শিশু বয়সেই স্থানীয়, আঞ্চলিক, জাতীয় অনুষ্ঠান এবং রেডিও-টিভিতে গান করে খ্যাতি পান। ফলশ্রুত পেয়েছেন জাতীয় শিশুশিল্পী পুরস্কার (১৯৭৬, ৭৭, ৭৮ এবং ৭৯)। জাতীয় পর্যায়ের শিল্পী হিসেবে আজকের অবস্থান অর্জনে বেবী নাজনীন অতিবাহিত করেছেন তাঁর সঙ্গীত জীবনের প্রায় ৪০ বছর। দেশের সেরা গায়িকা হিসেবে বেবী নাজনীন ২০০৩ সালে সর্বশেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া বাচসাস এবং সিজেএফবি পুরস্কার পেয়েছেন বহুবার। তাঁর অনেক এ্যালবামেই নিজের লেখা এবং সুরারোপিত গান গেয়েছেন তিনি। অডিও বাজারে তাঁর ৪২টি এককসহ এবং দেড় শতাধিক মিক্সড অডিও এ্যালবাম প্রকাশিত হয়েছে। কবিতা লিখতে ভালবাসেন তিনি । ‘সে’, ‘ঠোঁটে ভালবাসা’ এবং ‘প্রিয়মুখ’ শিরোনামে তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর। সাধনার শুরু থেকে সঙ্গীতের বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে ছুটে চলা সময়ে বেবী নাজনীন পেয়েছেন ‘উত্তর বঙ্গের দোয়েল’, ‘ব্ল্যাক ডায়মন্ড’, ‘কৃষ্ণ হীরক’, ‘কৃষ্ণ কলি’ খ্যাতি।