বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সফরে ২ টি-টোয়েন্টি এবং ৩ ওয়ানডে ম্যাচ খেলবে মালয়েশিয়া। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে এবং ওয়ানডে সিরিজে মালয়েশিয়া খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে। আজ বুধবার বাংলাদেশে পা রাখবে মালয়েশিয়া ক্রিকেট দল। আগামীকাল বৃহস্পতিবার এবং আগামী শুক্রবার মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলনে অংশ নেবে তারা। আগামী শনিবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। লড়বে বাংলাদেশ এইচপি এবং মালয়েশিয়া জাতীয় দল। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় এবং সর্বশেষ ম্যাচ আগামী সোমবার, মিরপুরেই। টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। টি-টোয়েন্টি শেষে ওয়ানডের লড়াইয়ে মাঠে নামবে মালয়েশিয়া ক্রিকেট দল এবং বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে। সিরিজের তিন ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। খেলার মাঝে যেসব দিনে বিরতি থাকবে সেসব দিনে মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন করবে মালয়েশিয়া ক্রিকেট দল।
মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি-
৮ আগস্ট : প্রথম টি-টোয়েন্টি, প্রতিপক্ষ বাংলাদেশ এইচপি, মিরপুর।
১০ আগস্ট : দ্বিতীয় টি-টোয়েন্টি, প্রতিপক্ষ বাংলাদেশ এইচপি, মিরপুর।
১২ আগস্ট : প্রথম ওয়ানডে, প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল, বসুন্ধরা।
১৪ আগস্ট : দ্বিতীয় ওয়ানডে, প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল, বসুন্ধরা।
১৬ আগস্ট : তৃতীয় ওয়ানডে, প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল, বসুন্ধরা।