জানা নিউজ

বক্স অফিসে কেমন পারফর্ম করলো রণবীরের ‘রামায়ণ’?

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে গৎ বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’র প্রথম পর্ব। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে আলোচনায় এসেছিল ছবিটি। এবার প্রথম দিনের বক্স অফিসের আয়েও মিলেছে তার প্রতিফলন। বাণিজ্য বিশ্লেষকদের প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ভারতে সব ভাষা মিলিয়ে প্রায় ৭৭ কোটি ৫০ লাখ রুপির ব্যাবসা করেছে ‘রামায়ণ’। এর মধ্যে শুধু ভারতের বাজারে আয় হয়েছে প্রায় ৬৪ কোটি ৮৫ লাখ রুপি। প্রথম দিনের আয়ের বড় অংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে। ভাষাভিত্তিক আয়ের হিসাবে, হিন্দি সংস্করণ থেকে এসেছে প্রায় ৪৭ কোটি ৫০ লাখ রুপি। কন্নড় সংস্করণের আয় ৭ কোটি ২৫ লাখ, তেলুগু থেকে ৬ কোটি, তামিল থেকে ২ কোটি ৬০ লাখ এবং মালয়ালম সংস্করণ থেকে এসেছে দেড় কোটি রুপি। অর্থাৎ, হিন্দির পাশাপাশি আঞ্চলিক ভাষার সংস্করণগুলোও সিনেমাটির প্রথম দিনের ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে প্রথম দিনেই ভালো ব্যাবসা করলেও একাধিক বড় সিনেমার উদ্বোধনী আয়ের রেকর্ড ভাঙতে পারেনি ‘রামায়ণ’। শাহরুখ খানের ‘পাঠান’ প্রথম দিনে আয় করেছিল প্রায় ৫৭ কোটি রুপি। রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ও অজয় দেবগনের ‘দৃশ্যম ২’-এর প্রথম দিনের আয় ছিল যথাক্রমে ৬৩ কোটি ও ৬২ কোটি রুপি। এসব সিনেমার উদ্বোধনী আয়ের অঙ্ক ছাড়িয়ে গেছে ‘রামায়ণ’। তবে রেকর্ডের দৌড়ে এখনও কয়েকটি সিনেমার পেছনে রয়েছে নীতেশ তিওয়ারির এই ছবি। শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৭৫ কোটি রুপি। অন্যদিকে, রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’-এর প্রথম দিনের আয় ছিল প্রায় ১০২ কোটি রুপি। এ ছাড়া প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ মুক্তির প্রথম দিনেই প্রায় ৮৬ কোটি ৭৫ লাখ রুপির ব্যাবসা করেছিল। এসব সিনেমার উদ্বোধনী আয়ের রেকর্ড ভাঙতে পারেনি ‘রামায়ণ’। তবে উৎসবের ছুটিতে সিনেমাটির ব্যাবসা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দীপাবলি ও ভাইফোঁটাকে ঘিরে দর্শক সমাগম বাড়লে বক্স অফিসে নতুন মাইলফলক স্পর্শ করতে পারে ছবিটি। প্রথম দিনের আয় আশাব্যঞ্জক হলেও শেষ পর্যন্ত ‘রামায়ণ’ কতটা ব্যাবসা করতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা।