তেল আবিবগামী ফ্লাই দুবাই এয়ারলাইন্সে পাইলটের ওপর হামলাকারী কোপাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ তথ্য জানিয়েছেন। দুবাই থেকে বিমানটি ওড়ার কিছু পরেই সেটি থেকে আপৎকালীন বার্তা পৌঁছোয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে। পরে জানা যায়, ককপিটে দুই পাইলট তর্কাতর্কি এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত করেছিলেন; তবে বিমানের সামনের দিকের যাত্রীরা হামলাকারীকে ককপিট থেকে সরিয়ে দিতে সহায়তা করেন। পরে বিমানটি সৌদি আরবে জরুরি অবতরণ করে। এক ভিডিওবার্তায় নেতানিয়াহু জানান, যে পাইলট অপর পাইলটকে আক্রমণ করেছেন বলে অভিযোগ রয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সৌদি কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করছে। হামলার পর বিমানে থাকা সবাই নিরাপদ আছেন। নেতানিয়াহু অবশ্য দাবি করেছেন, হামলাকারী পাইলট ছিলেন ওমানের নাগরিক। তিনি বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, “বিমানটির প্রায় সব যাত্রীই ছিলেন ইসরায়েলি। ইসরায়েলের দিকে এগিয়ে যাওয়ার সময় পাইলটদের একজন অন্যজনকে ছুরিকাঘাত করেন; মনে হচ্ছে, বিমানে থাকা সবাইকে নিয়ে তিনি বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করছিলেন।”