জানা নিউজ

ফুটবল বিশ্বকাপে অংশ নিচ্ছেনা ইরান

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বকাপ ফুটবলে ইরান অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী আহমদ দোনিয়ামালি। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ইরানের খেলোয়াড়রা নিরাপদ থাকবেন- এমন নিশ্চয়তা নেই। তাই দলকে সেখানে পাঠানো কঠিন। তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে তারা যে দুষ্টু কর্মকাণ্ড করেছে- মাত্র আট বা নয় মাসের মধ্যে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এ অবস্থায় আমাদের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া নিশ্চিতভাবেই সম্ভব নয়।’ আগামী জুন মাসে উত্তর আমেরিকার তিন দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আয়োজিত হবে বিশ্বকাপ ফুটবল। ওই বিশ্বকাপে এশিয়া থেকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে ইরানও। সূচি অনুযায়ী ‘জি’ গ্রুপে ইরানের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল ১৫ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউড শহরে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলত তারা। তবে ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা শুরু করার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সন্দেহ তৈরি হয়। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন যে বিশ্বকাপে অংশ নিতে ইরানকে স্বাগত জানানো হবে। ইনফান্তিনো লিখেছেন, ‘আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছি। সেখানে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি ও উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে। আমরা ইরানের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেছি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের দল অবশ্যই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিতে স্বাগত।’ তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের মতো একটি আয়োজন এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন, যা মানুষকে একত্র করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে তার সমর্থনের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এটি আবারও প্রমাণ করে যে ফুটবল পুরো বিশ্বকে একত্র করতে পারে।’ হোয়াইট হাউসের এক কর্মকর্তা সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, ট্রাম্প সত্যিই ইনফ্যান্তিনোকে ইরানের অংশগ্রহণের ব্যাপারে এই বার্তা দিয়েছেন। তবে ইরানের ফুটবল কর্মকর্তারাও ইতোমধ্যে বিশ্বকাপে যাওয়ার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। এশীয় ফুটবল সংস্থার সহসভাপতি এবং ইরানের শীর্ষ ফুটবল কর্মকর্তা মেহদি তাজ গত সপ্তাহে বলেন, ‘এই হামলার পর আমরা বিশ্বকাপের দিকে আশাবাদ নিয়ে তাকাতে পারি- এমন আশা করা যায় না।’ যদি ইরান শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে তাদের জায়গায় গ্রুপের অন্য কোনো দল সুযোগ পেতে পারে। সম্ভাব্য বিকল্প হিসেবে ইরাক অথবা সংযুক্ত আরব আমিরাতের নাম আলোচনায় রয়েছে। এদিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ ফুটবল প্রতিযোগিতা শেষে ইরানের প্রতিনিধিদলের ছয়জন সদস্য মানবিক ভিসা পেয়েছেন।