জানা নিউজ

প্রেমিকের পরামর্শে স্বামীকে হত্যা, নববধূ আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের এক মাস যেতে না যেতেই প্রেমিকের পরামর্শে স্বামী আব্দুল করিমকে (২৫) হত্যার অভিযোগ উঠেছে নববধূ তানজিলা খাতুনের (২০) বিরুদ্ধে। বুধবার সকালে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল করিম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও নববধূ তানজিলাকে আটক করে। নিহত আব্দুল করিম উপজেলার নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে। তানজিলা পাবনার সাথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাসেন আলীর মেয়ে। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, এক মাস আগে মিশুকচালক আব্দুল করিমের সঙ্গে তানজিলা খাতুনের বিয়ে হয়। বিয়ের আগে থেকেই তানজিলার সঙ্গে তার প্রতিবেশী সিএনজি অটোরিকশাচালক নূর আলম ওরফে নাহিদের প্রেমের সম্পর্ক ছিল।সম্্রতি তানজিলা বাবার বাড়িতে গেলে প্রেমিক নাহিদ তানজিলাকে বিয়ের জন্য চাপ দেন। একপর্যায়ে তানজিলার স্বামী করিমকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেন। সে পরিকল্পনার অংশ হিসেবে তানজিলাকে গ্যাস ট্যাবলেট কিনে দেন প্রেমিক নাহিদ। এটাকে কৃমির ট্যাবলেট বলে স্বামীকে খাওয়ানোর পরামর্শ দেন। রাতে তানজিলা স্বামী করিমকে গ্যাস ট্যাবলেট সেবন করায়। কিছুক্ষণ পরেই পেটে জালাপোড়া শুরু হলে স্থানীয় চিকিৎসকের কাছে যান তিনি। অবস্থা খারাপ হয়ে গেলে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে এনায়েতপুর খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল করিম। শাহজাদপুর থানার ওসি আলী আসলাম বলেন, নিহত আব্দুল করিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তার স্ত্রী তানজিলাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বামীকে গ্যাস ট্যাবলেট খাওয়ানোর বিষয়টি স্বীকার করেছেন।