জানা নিউজ

প্রাক্তন স্ত্রীকে উঠিয়ে নিতে গিয়ে দাদাকে কুপিয়ে হত্যা, আহত ৩

প্রাক্তন স্ত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিতে যেয়ে যশোরের ঝিকরগাছা উপজেলায় দাদা মহিউদ্দিনকে (৭০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নিলকণ্ঠনগর গ্রামে। নিহত মহিউদ্দিন ওই গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। আহতরা হলেন নিহতের স্ত্রী তাজুমা (৬০) ও ছেলে আমিনুর রহমান (৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, মহিউদ্দিনের নাতনি তিন বছর আগে যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের তবিবর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। গত মঙ্গলবার রাতে তবিবর রহমান ৫/৬জন সহযোগী নিয়ে নিলকণ্ঠনগরে এসে প্রাক্তন স্ত্রীকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করলে মহিউদ্দিন ও পরিবারের সদস্যরা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তবিবর ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে মহিউদ্দিনসহ তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কোপাতে থাকেন। এসময় স্থানীয়রা চিৎকার শুনে হামলাকারীদের ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। তারা হলেন আহম্মদ আলী (২৬) ও মোহন (৩০)। দুজনই যশোর সদর উপজেলার বাসিন্দা। আহত অবস্থায় তাদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে, গুরুতর আহত মহিউদ্দিন ও তার পরিবারের সদস্যদের স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নড়াইলে পৌঁছালে তিনি মারা যান। পুলিশ জানায়, ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।