প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে রাষ্ট্র সংস্কার, জুলাই গণ-অভ্যুত্থানের বিচার, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, গঙ্গা পানিবণ্টন চুক্তি ও ভারতের ভূমিকা নিয়ে আলোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার পাশাপাশি সংস্কার, বিচার ও জাতীয় সার্বভৌমত্বকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘণ্টার আলোচনা শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের কাছে বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরেন। প্রতিনিধিদলে ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ ও আকরাম হোসেন।
নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী অবস্থানের প্রশ্নে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এনসিপির পক্ষ থেকে এই ঐক্যের সঙ্গে রাষ্ট্র সংস্কারের বিষয়টি যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের মতে, শুধু রাজনৈতিক ঐক্যের আহ্বান নয়, সংস্কার ও বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতিও জরুরি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক রোডম্যাপ
নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সাত থেকে আট মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি হয়েছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি ও বিরোধী দলের নেতা-কর্মী, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক কর্মী এবং জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের অনেকেই বিভিন্ন ঘটনায় আক্রান্ত হচ্ছেন বলেও দাবি করেন তিনি।
তার ভাষ্য, এই পরিস্থিতির সুযোগ নিয়ে পতিত আওয়ামী লীগ বিভিন্ন স্থানে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব পরিস্থিতি মোকাবিলায় বৈঠকে আলোচনা হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী লড়াই ও গণ-অভ্যুত্থানে থাকা দলগুলো নিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ জরুরি। আধিপত্যবাদ প্রশ্নে জাতীয় পররাষ্ট্রনীতি তৈরি করা প্রয়োজন। এটি দলীয় কোনো লড়াই নয়, দলীয় লড়াইয়ের চেয়েও জনগণের ঐক্য প্রয়োজন।”
এনসিপির মতে, জাতীয় ঐক্যকে কার্যকর করতে সংস্কার, বিচার এবং জাতীয় সার্বভৌমত্বকে গুরুত্ব দিতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না হলে জনগণের আস্থা অর্জন কঠিন হবে। পাশাপাশি অর্থনৈতিক বিনিয়োগ ও উন্নয়নেও এর প্রভাব পড়তে পারে বলে দলটির নেতারা মনে করেন।
সংবিধান সংস্কার কমিটি বাতিল ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি
রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া নিয়ে বৈঠকে নিজেদের অবস্থান তুলে ধরে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় কমিটি সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। এ কারণে কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানানো হয়েছে।
গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় এসেছে। এনসিপির পক্ষ থেকে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত না করে সনদের অঙ্গীকারগুলো কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।
বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম আরও সক্রিয় করার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত এগিয়ে নিতে জেলা পর্যায়ের মামলাগুলোর তদন্ত শেষ করে চার্জশিট দাখিল নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের রাজনৈতিক ও প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে স্পষ্ট নির্দেশনা দেওয়ার প্রস্তাবও করা হয়েছে।
এনসিপির পক্ষ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় কার্যকর করার উদ্যোগ নিতে এবং তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে। ভারতে অবস্থানরত ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও বৈঠকে তুলে ধরা হয়েছে বলে দলটির বক্তব্য।
গঙ্গা চুক্তি ও ভারতের ভূমিকা নিয়ে আলোচনা
গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া চুক্তির নবায়ন আলোচনায় বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে আপস না করার আহ্বান জানিয়েছে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, ভারতের আধিপত্যবাদী ভূমিকা মোকাবিলায় দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন। তার অভিযোগ, ভারত তার ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে বাংলাদেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছে এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে ভূমিকা রাখছে।
তিনি বলেন, সীমান্তের কাছে বিজেপির সমাবেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারাও অংশ নিচ্ছেন। এসব সমাবেশে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে প্রচারণা চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
নাহিদ ইসলামের ভাষ্য, বর্তমান রাজনৈতিক সংকট কেবল আওয়ামী লীগ বনাম বিএনপি বা এনসিপির লড়াই নয়। এটি ভারতীয় আধিপত্য ও বাংলাদেশের ভূখণ্ড, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশকে নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
এ পরিস্থিতিতে শুধু রাজনৈতিক দল নয়, আলেম-ওলামা, ধর্মীয় নেতা, সুফিসাধক, মাজার ও দরগার প্রতিনিধি, সংস্কৃতিকর্মী, সুশীল সমাজ এবং হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সরকারের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে এনসিপি। দলটির মতে, আন্তর্জাতিক অপপ্রচার ও অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় সামাজিক ও সাংস্কৃতিক শক্তিগুলোকেও যুক্ত করা প্রয়োজন।
সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে বক্তব্য
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ নাকচ করে নাহিদ ইসলাম দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলেই সংখ্যালঘু হিন্দুদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে এবং তাদের জমিজমা ও সম্পত্তি দখলের ঘটনা ঘটেছে।
তিনি ভারতের আসাম, দিল্লি ও পশ্চিমবঙ্গে মুসলিম এবং দলিতদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতকে সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে কঠোরভাবে সমালোচনা করেন। বাংলাদেশবিরোধী প্রচারণার জবাবে আন্তর্জাতিক পরিসরে দেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরার জন্য সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
এনসিপির পক্ষ থেকে অতীতের দলভিত্তিক পররাষ্ট্রনীতির পরিবর্তে একটি অভিন্ন জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়নের দাবি জানানো হয়েছে। দলটির মতে, আওয়ামী লীগ বা ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি কোনো সাময়িক রাজনৈতিক ইস্যু নয়, বরং স্বাধীনতা, অর্থনৈতিক নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গে দীর্ঘমেয়াদে যুক্ত।
সরকারের অবস্থান তুলে ধরলেন মাহদী আমিন
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সাংবাদিকদের বলেন, এনসিপির নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। দলটির প্রতিনিধিরা নিজেদের বক্তব্য তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ ও মতাদর্শের মানুষ ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তুলেছিলেন। সেই ঐক্যকে আরও সুসংহত করে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মাহদী আমিন বলেন, নির্বাচিত সরকারের অধীনে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যেখানে রাজনৈতিক সহাবস্থান, সহিষ্ণুতা, মানবাধিকার, আইনের শাসন ও বাক্স্বাধীনতা নিশ্চিত হবে। বৈঠকে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
তিনি আরও বলেন, বিএনপি বিশ্বাস করে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের লড়াই এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল মানুষের স্বাধীনতা ও অধিকার রক্ষার আন্দোলন। দেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং গণমানুষের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
দেশের আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির মতো জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে সরকারের অঙ্গীকার
সংস্কার কার্যক্রম নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে মাহদী আমিন বলেন, বিএনপি নির্বাচনি ইশতেহার ও জাতীয় জুলাই সনদে সই করার সময় যেসব অঙ্গীকার করেছে, সেগুলো বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ‘নোট অব ডিসেন্ট’সহ সই করা জুলাই সনদ বাস্তবায়ন করা হবে এবং এ ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতির সুযোগ নেই।
তিনি বলেন, সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই প্রায় শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী তা বাস্তবায়ন করা হবে।
মাহদী আমিন বলেন, পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে গণতন্ত্রকামী ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ রয়েছে। নতুন করে ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজন নেই, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যেই সেই ঐক্য তৈরি হয়েছে। এখন প্রতিষ্ঠিত ঐক্যকে আরও সুসংহত করে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।
বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলী জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।