স্থানীয় সরকার ব্যবস্থায় বড় পরিবর্তন এনে পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত ‘স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে, ফলে ভবিষ্যতে এই নির্বাচনে দলীয় প্রতীকে ভোট হবে না।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদে বিলটি উত্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিল পাসের সময় বিরোধীদলীয় সদস্যরা না ভোট দেন এবং একপর্যায়ে ওয়াকআউট করেন। বিরতির পর তারা আবার সংসদে ফিরে আসেন।
সরকার বলছে, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিতামূলক এবং সময়োপযোগী করতে ধারাবাহিক আইন সংশোধনের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে স্থানীয় সরকার কাঠামোতে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে, এই বিল সেই প্রক্রিয়ারই ধারাবাহিকতা।
তবে বিরোধীদল এই পরিবর্তনের তীব্র সমালোচনা করেছে। সংসদে বক্তব্য দিয়ে বিরোধীদলীয় সদস্য হান্নান মাসুদ বলেন, “আওয়ামী লীগ খারাপ, কিন্তু ক্ষমতা ধরে রাখতে তাদের করা সব আইন আজ ভালো হয়ে যাচ্ছে।” তিনি প্রশ্ন তোলেন, বিশেষ পরিস্থিতিতে জারি করা অধ্যাদেশ এখন কেন স্থায়ী করা হচ্ছে।
তার অভিযোগ, “এর মাধ্যমে নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে দলীয় প্রশাসক বসানো হচ্ছে। এই আইনের মাধ্যমে স্থানীয় সরকারের গণতান্ত্রিক ব্যবস্থাকে গলাটিপে হত্যা করা হল।”
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও বিলের প্রতিক্রিয়ায় সংসদে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন। এতে অধিবেশনকক্ষে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়।
সংসদ সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতোমধ্যে ৭২টি বিল আকারে সংসদে পাস হয়েছে। এই সংশোধনী বিলও সেই ধারাবাহিকতার অংশ।