বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ১২০ দশমিক ৯৬ কিলোওয়াট-পিক (কেডব্লিউপি) ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিডা-ডেসকো মডেলে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) সঙ্গে পিএসসির একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) পিএসসি সচিবালয়ের পক্ষে উপসচিব (প্রশাসন) মো. ওয়াশীমুল বারী এবং ডেসকোর পক্ষে কোম্পানি সচিব প্রকৌশলী এস এম শাহসুলতান সমঝোতা স্মারকে সই করেন।
ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ বলেন, পিএসসি ভবনের ছাদের ৯ হাজার ২৪২ বর্গফুট জায়গায় সোলার প্যানেল স্থাপন করা হবে।
এর মাধ্যমে বছরে প্রায় ১৩ হাজার ৪০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া বলেন, সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে কমিশন ভবনের বিদ্যুৎ চাহিদার একটি অংশ সৌরবিদ্যুৎ দিয়ে পূরণ করা সম্ভব হবে।
পাশাপাশি প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমানো, বিদ্যুৎ ব্যয় সাশ্রয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পিএসসি সচিব ফজলুর রহমান বলেন, সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে জ্বালানি সাশ্রয় ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের এ উদ্যোগ একটি ইতিবাচক পদক্ষেপ।