অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের উপকণ্ঠে একটি মসজিদে অগ্নিসংযোগ করেছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। গতকাল বৃহস্পতিবার নাবলুসের দুমা গ্রাম কর্তৃপক্ষ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। ঘটনার বিবরণে জানা গেছে, দুমা গ্রামের ওই মসজিদে আগুন দেওয়ার পাশাপাশি এর দেয়ালে একটি সিনাগগের (ইহুদি উপাসনালয়) নাম লিখে দেয় হামলাকারীরা। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবীরা ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই হামলাকে ‘মসজিদ পুড়িয়ে দেওয়ার ক্রমবর্ধমান ও সুপরিকল্পিত প্রচেষ্টার’ অংশ হিসেবে অভিহিত করেছে। মন্ত্রণালয় আরও জানায়, গত মাসেও নাবলুসের অন্য একটি গ্রামে মসজিদে আগুন দেওয়া হয়েছিল। পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৫ সালে অন্তত ৪৫টি মসজিদে হামলা বা ভাঙচুর চালানো হয়েছে। দুমা গ্রামটি এমন একটি এলাকায় অবস্থিত যা ইসরায়েলি সামরিক ও বেসামরিক প্রশাসনের নিয়ন্ত্রণে। দীর্ঘ দিন ধরেই এই এলাকার ফিলিস্তিনি বাসিন্দারা ইসরায়েলি বসতিস্থাপনকারীদের পক্ষ থেকে চরম সহিংসতার শিকার হয়ে আসছেন। তবে মসজিদে আগুনের এই ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী অফিসের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও বসতিস্থাপনকারীদের হাতে ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।