জানা নিউজ

পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা

প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই তাদের পদত্যাগ কার্যকর হবে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন।বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য বিবিসি বাংলাকে নিশ্চিত করা হয়েছে। সূত্রে জানা গেছে, এই দুই উপদেষ্টার পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন জায়গা পান।এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পান। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণায়ের দায়িত্ব পান। পরে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টনে আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
অন্যদিকে মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। পরে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টনে আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ  ও উপদেষ্টা মাহফুজ আলম আজ বিকেলে প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই তাদের পদত্যাগ কার্যকর হবে।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন। এছাড়া সরকারের থেকে অর্জিত অভিজ্ঞতা তা পরবর্তী জীবনে কাজে লাগাতে হবে।