জানা নিউজ

নেপালে একদিনে ২৭৪ পর্বতারোহীর এভারেস্ট জয়ে নতুন রেকর্ড

নেপালের দিক থেকে এক দিনে সবচেয়ে বেশিসংখ্যক পর্বতারোহী এভারেস্ট জয় করার নতুন রেকর্ড তৈরি করেছে। গত বুধবার একসঙ্গে ২৭৪ জন পর্বতারোহী বিশ্বের সর্বোচ্চ এই পর্বতচূড়ায় পৌঁছেছেন। ২৯ হাজার ৩০ ফুট উঁচু এভারেস্ট নেপাল এবং চীনের তিব্বত অঞ্চলের সীমান্ত জুড়ে বিস্তৃত। উভয় দিক থেকেই পৃথিবীর সবচেয়ে উঁচু এই পর্বতে আরোহণ করা যায়। প্রতি বছর নেপাল এবং তিব্বত উভয় অঞ্চল থেকেই পর্বতারোহীরা এভারেস্টে আরোহন করেন, তবে এবার চীনের সরকার কোনো পর্বতারোহীকে এভারেস্টে আরোহনের পারমিট দেয়নি। নেপালের পর্যটন ও অভিযাত্রা সংশ্লিষ্ট কর্মকর্তা ঋষি ভান্ডারি গতকাল বৃহস্পতিবার জানান, এর আগে নেপালের দিক থেকে এক দিনে সবচেয়ে বেশি ২২৩ জন পর্বতারোহী এভারেস্ট জয় করেছিলেন। সেই রেকর্ড হয়েছিল ২০১৯ সালের ২২ মে। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি হলো। ঋষি ভান্ডারি বলেন, ‘নেপালের দিক থেকে এক দিনে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি পর্বতারোহীর সংখ্যা।’ তবে তিনি জানান, এই সংখ্যা আরো বাড়তে পারে। কারণ অনেক পর্বতারোহী এখনো বেস ক্যাম্পে নিজেদের সফলভাবে চূড়ায় ওঠার তথ্য পাঠাননি। তিনি আরো বলেন, সাধারণত এপ্রিল ও মে মাসের পর্বতারোহণ মৌসুমে তিব্বতের দিক থেকেও প্রায় ১০০ জন এভারেস্টে ওঠার চেষ্টা করেন। কিন্তু এবার সেই পথ বন্ধ থাকায় সব চাপ নেপালের দিকেই পড়েছে। নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা হিমাল গৌতম বলেন, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন গত বুধবার ২৫০ জনের বেশি মানুষ চূড়ায় উঠেছেন। তবে সঠিক সংখ্যা নিশ্চিত করতে সময় লাগবে। তিনি বলেন, ‘পর্বতারোহীরা ফিরে এসে ছবি ও অন্যান্য প্রমাণ জমা দেন। এরপর তাদের চূড়ায় ওঠা নিশ্চিত করা হয় এবং সনদ দেওয়া হয়। তখনই আমরা চূড়ান্ত সংখ্যা জানাতে পারব।’ বিশেষজ্ঞদের মতে, অনুকূল আবহাওয়া এবং চীনের তিব্বত দিকের রুট বন্ধ থাকায় অধিকাংশ অভিযাত্রী নেপালের রুট ব্যবহার করেছেন। ফলে একদিনে বিপুলসংখ্যক আরোহী চূড়ায় ওঠেন। চলতি মৌসুমে নেপাল সরকার প্রায় ৪৯৪টি আরোহনের অনুমতি দিয়েছে। প্রতিটি পারমিটের মূল্য ১৫ হাজার মার্কিন ডলার। অতিরিক্ত ভিড় নিয়ে উদ্বেগ থাকলেও অনেক অভিজ্ঞ গাইড বলছেন, সঠিক পরিকল্পনা ও পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ থাকলে নিরাপদভাবে বড় সংখ্যক আরোহীকে পরিচালনা করা সম্ভব। এদিকে, এই মৌসুমেই নেপালি শেরপা কামি রিতা ৩২তম বারের মতো এভারেস্ট জয় করে নিজের আগের রেকর্ড আরও বাড়িয়েছেন। নারী পর্বতারোহীদের মধ্যে লাকপা শেরপা ১১তমবার এভারেস্ট জয় করে নতুন মাইলফলক