জানা নিউজ

নিজের গান সংরক্ষণ ও মানুষের পাশে দাঁড়াতে জেমসের নতুন উদ্যোগ

চার দশকেরও বেশি সময় ধরে সংগীতের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন রক তারকা নগর বাউল জেমস। এবার নিজের গান ও সৃষ্টিশীল কাজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘জেমস ফাউন্ডেশন’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন তিনি।
জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই ফাউন্ডেশন গঠনের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। বর্তমানে প্রতিষ্ঠানটির নিবন্ধন প্রক্রিয়া চলছে। সব প্রস্তুতি সম্পন্ন করে নতুন বছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে জেমস ফাউন্ডেশনের ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ফাউন্ডেশনের উদ্দেশ্য সম্পর্কে রবিন ঠাকুর জানান, দেশের মানুষের কাছ থেকে জেমস যে ভালোবাসা পেয়েছেন, তার প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফাউন্ডেশনটি জেমসের গান যথাযথভাবে সংরক্ষণ এবং প্রজন্মের পর প্রজন্মের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার কাজে ভুমিকা রাখবে। পাশাপাশি দেশের মানুষের জন্য বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালনার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, উদ্যোগটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। নিবন্ধন সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
আশির দশকের শুরুতে চট্টগ্রামে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতজগতে পথচলা শুরু করেন জেমস। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। পরবর্তী সময়ে দেশের রক সংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী হিসেবে পরিচিতি অর্জন করেন তিনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও নিয়মিত মঞ্চে গান পরিবেশন করছেন জেমস।
নিজের সংগীতজীবন সম্পর্কে জেমসের বক্তব্য, কোনো কিছু অর্জনের প্রত্যাশা নিয়ে তিনি কখনোই গান করেননি। ভালোবাসা, আবেগ ও নিজের ভেতরের তাড়না থেকেই সংগীতের সঙ্গে যুক্ত হয়েছেন। নতুন প্রজন্মের শিল্পীদেরও সংগীতে আসার ক্ষেত্রে কোনো কিছু পাওয়ার আশা না রেখে ভালোবাসা ও আগ্রহকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।
বর্তমানে দেশ ও বিদেশে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটছে জেমসের। দীর্ঘদিন নতুন অ্যালবাম প্রকাশ না হওয়ায় ভক্তদের মধ্যে নতুন গানের অপেক্ষাও রয়েছে। এ বিষয়ে তিনি জানিয়েছেন, নতুন গান নিয়ে পরিকল্পনা রয়েছে তার। তবে টানা স্টেজ শোর ব্যস্ততার কারণে এখনও সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় বের করতে পারছেন না।