নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি তাদের সঙ্গে বড় ক্রেতা ও প্রতিষ্ঠানের সংযোগ তৈরি করতে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনের জাতীয় এসএমই নারী-উদ্যোক্তা সামিট ও পণ্য মেলা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) প্রাঙ্গণে এ আয়োজনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।
এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ সামিট ও মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। এতে প্রায় ৬০ জন নারী উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।
পাশাপাশি রয়েছে ক্রেতা-বিক্রেতা ম্যাচমেকিং, উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, সেমিনার ও মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক অধিবেশন। এ ছাড়া বিশেষ অবদানের জন্য আটজন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হবে।উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, নারী উদ্যোক্তাদের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের সব কর্মসূচি গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রচারণার ক্ষেত্রে সহায়তা করবে। নারী উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, একজন নারী উদ্যোক্তা একজন মা।
তারা এগিয়ে গেলে দেশও এগিয়ে যাবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। তিনি বলেন, একজন নারী উদ্যোক্তার সাফল্য অন্য নারীদের জন্য পথপ্রদর্শক হতে পারে। নারী উদ্যোক্তাদের ব্যবসায় ঋণপ্রাপ্তি এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এসএমই ফাউন্ডেশন সহায়তা দেবে।