নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় তার সহযোগী লিটন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু ফতুল্লার শান্তিনগর বাজার এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। আহত তার বন্ধু লিটন (৩৮) ফতুল্লার লালপুর এলাকার কাদের মিস্ত্রির ছেলে। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লার পঞ্চবটিতে রাস্তার পাশের কিছু দোকান দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিলার বাবু ও নাঈম গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে ভোরে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলে বাবু ও লিটনকে শহরের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যায় তাদের অন্য সহযোগীরা। সেখানে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন এবং লিটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আরও জানা গেছে, নিহত রিয়াজ উদ্দিন বাবু ‘ন্যাড়া বাহিনী’ নামে একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দিতেন এবং ‘কিলার বাবু’ নামে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, মূলত আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে বিরোধ ছিল। সমপ্রতি খাস জায়গায় বেশ কিছু দোকান বসিয়ে ভাড়া ওঠানো নিয়ে দ্বন্দ্বের জেরে বাবুকে কুপিয়ে হত্যা করেছে। নিহত বাবুর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।