জানা নিউজ

নতুন করে শুরু বিতর্ক হলো কঙ্গনা-হৃতিককে ঘিরে

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও অভিনেতা হৃতিক রোশনের বহু বছরের পুরোনো দ্বন্দ্ব যেন আবারও সামনে চলে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে দুই তারকার নাম ঘিরে আলোচনা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়, হৃতিক রোশনের কাছে সবার ক্ষমা চাওয়া উচিত। সেই পোস্টে নিজের প্রতিক্রিয়া জানান হৃতিক। এরপরই ইনস্টাগ্রাম স্টোরিতে তাকে উদ্দেশ করে একাধিক মন্তব্য করেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। নিজের পোস্টে কঙ্গনা লেখেন, হৃতিক ও অভিনেত্রী সাবা আজাদের সম্পর্ক নিয়ে তার কোনো আপত্তি নেই। বরং তাদের দুজনকে সুন্দর জুটি বলেই মনে করেন। তবে একই সঙ্গে তার অভিযোগ, একটি সম্পর্কে থাকার পরও কোনো নারীকে পরোক্ষভাবে কটাক্ষ করা বা উসকে দেওয়ার মতো আচরণ একজন তারকার সঙ্গে মানানসই নয়। কঙ্গনার দাবি, হৃতিকের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে দীর্ঘদিন ধরে কটাক্ষ ও হেনস্থা করা হচ্ছে। তার মতে, এ ধরনের আচরণের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়া উচিত হৃতিকের। ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা আরও লেখেন, ‘আগুনে ঘি ঢালা বন্ধ করুন। নিজের সঙ্গীকেও বিব্রত করবেন না।’ পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, হৃতিক ভবিষ্যতে আরও দায়িত্বশীল আচরণ করবেন। নতুন এই বিতর্কের সূত্রপাত হয় ইনফ্লুয়েন্সার ফ্রেডি বার্ডির একটি পোস্ট থেকে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘হৃতিক রোশনের কাছে সবার ক্ষমা চাওয়া উচিত।’ সেই পোস্টের মন্তব্যের ঘরেই প্রতিক্রিয়া জানান হৃতিক। তিনি লেখেন, ‘শুধু “বি”-কে পছন্দ না করার কারণে “এ”-এর পক্ষ নেওয়া আমাদের সমাজের বড় সমস্যাগুলোর একটি। আমি এমন সময়ের অপেক্ষায় আছি, যখন সবকিছু সঠিক প্রেক্ষাপট ও তথ্যের ভিত্তিতে বিচার করা হবে। তবে এসব নিয়ে আর কজনই-বা ভাবেন?’ হৃতিকের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই কঙ্গনার প্রতিক্রিয়া নতুন করে আলোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে কঙ্গনা রানাওয়াত ও হৃতিক রোশনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক, আইনি জটিলতা এবং পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। মাঝেমধ্যেই বিভিন্ন মন্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে সেই পুরোনো বিরোধ আবারও সামনে আসে। সর্বশেষ ঘটনাও সেই দীর্ঘদিনের দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করেছে। তবে সাম্প্রতিক এই প্রতিক্রিয়ার বিষয়ে কঙ্গনার বক্তব্যের জবাবে হৃতিক রোশন আলাদাভাবে কোনো মন্তব্য করেননি।