জানা নিউজ

নতুন করে আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই: ইরান

যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত লঙ্ঘন অব্যাহত রাখায় ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তেহরানের প্রধান অগ্রাধিকার প্রতিরক্ষা, আলোচনা নয়। খবর মেহের নিউজ এজেন্সির। তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বাঘায়ি বলেন, এ মুহূর্তে আমাদের আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই। আমরা এখন দেশের প্রতিরক্ষা জোরদার করার দিকেই মনোযোগ দিচ্ছি। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, সামপ্রতিক সামরিক চাপ ও হামলার ফলে ইরান আবার আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হবে। তবে সেই ধারণা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের এই কূটনীতিক। বাঘায়ি বলেন, ১৭ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্ত মানতে ইরান আর নিজেকে বাধ্য মনে করছে না। চুক্তি কার্যকরের শুরু থেকেই যুক্তরাষ্ট্র একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি বলেন, একটি সমঝোতা স্মারক পারস্পরিক অঙ্গীকারের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। যদি এক পক্ষ সেই অঙ্গীকার ভঙ্গ করে, তাহলে অন্য পক্ষও নিজেদের দায়বদ্ধতা পালন থেকে বিরত থাকতে পারে। আমরা এখন সেই নীতিই অনুসরণ করছি। বাঘায়ির মতে, চুক্তির প্রথম ধারা থেকেই যুক্তরাষ্ট্র অসৎ আচরণ ও প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। যুক্তরাষ্ট্রের চাপ ও দাবির বিরুদ্ধে দেশের ভেতরে ব্যাপক ঐকমত্য রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের চাপ ও আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের পূর্ণ শক্তিতে জবাব দেবে। তারা যদি হামলা চালায়, তাহলে পাল্টা আঘাতও পাবে।