সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেছে পুলিশ। পুলিশের দাবি, পূর্বে ধারণ করা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
শনিবার (২১ নভেম্বর) নড়াইলের পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু সম্প্রদায়ের বসতি নেই। সেখানে হিন্দু সম্প্রদায়ের কোনো পরিবারের ওপর হামলা কিংবা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি।
বিষয়টি পুলিশ সদর দপ্তর থেকে অবগত করা হয়।এতে আরও বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সাইদ গেট সংলগ্ন এলাকায় বিএনপির মিছিলে হামলার ঘটনা ঘটে।এতে শাহীন শেখ (৪৫) ও সোহেল মোল্লা (৪০) নিহত হন।নিহত কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন শেখ।তার বাবার নাম নিসার শেখ। তার বাড়ি মির্জাপুর এলাকায়। অপর নিহত সোহেল মোল্লা কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক। তার বাবার নাম মোতালেব মোল্লা। বাড়ি বড় কালিয়া এলাকায়।এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে দিপা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বাবার নাম বুলু বিশ্বাস। তাদের বাড়ি বেন্দারচর গ্রামে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহত দুজনের বিক্ষুব্ধ আত্মীয়-স্বজন ও উত্তেজিত লোকজন বেন্দারচর গ্রামে একত্রিত হন। পরে তারা হত্যাকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে। খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।