সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছে সরকার। এই নতুন বেতন স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও যে সুযোগ পাচ্ছেন, তা আগেই চূড়ান্ত ছিল। তবে তাদের ক্ষেত্রে আলাদা প্রজ্ঞাপন দেওয়ার নিয়ম রয়েছে। ফলে শিক্ষক-কর্মচারীদের মনে এখন একটাই জিজ্ঞাসা—তাদের অন্তর্ভূক্তির সেই পৃথক আদেশটি কবে নাগাদ আলোর মুখ দেখবে?
বিষয়টি সম্পর্কে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে সংবাদমাধ্যম। শিক্ষাসংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা আশ্বস্ত করে জানিয়েছেন, খুব দ্রুতই এমপিওভুক্ত জনবলকে নতুন পে স্কেলে যুক্ত করে আলাদা প্রজ্ঞাপন জারি করা হবে। এ নিয়ে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সাথে প্রয়োজনীয় আলোচনা ও সমন্বয় শেষ হয়েছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানান, ‘এমপিওভুক্ত জনবল ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও পৃথক প্রজ্ঞাপন জারি করতে হবে। বিষয়গুলো নিয়ে কাজ চলছে। শিগগিরই তাদের জন্য পৃথক প্রজ্ঞাপন জারি হবে।’