জানা নিউজ

দেশে মুক্তি পেলো জনপ্রিয় তুর্কি হরর ‘সয়’

তুর্কি টিভি সিরিজের জনপ্রিয়তার পাশাপাশি দেশটির সিনেমাও আন্তর্জাতিক দর্শকদের নজর কাড়ছে। নিজস্ব ঐতিহ্য, আধুনিক নির্মাণশৈলী ও শক্তিশালী গল্প বলার কৌশলে তুর্কি সিনেমা তৈরি করেছে আলাদা পরিচিতি। প্রেম, পারিবারিক সম্পর্ক ও সামাজিক গল্পের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ভৌতিক সিনেমা দিয়েও দর্শকদের আকৃষ্ট করছে দেশটির নির্মাতারা। এবার গতকাল শুক্রবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুরস্কের নতুন হরর সিনেমা ‘সয়’। ম্যাক্সিম আলেকজান্দ্রের পরিচালনায় নির্মিত অতিপ্রাকৃত ঘরানার এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য এবং এক রহস্যময় প্রাসাদকে ঘিরে। সিনেমার গল্পের শুরু প্রায় ৬০ বছর আগে মিসরের একটি প্রাচীন সমাধি লুণ্ঠনের ঘটনা দিয়ে। সেখানে মুরাত নামের এক ব্যক্তি একটি প্রাচীন চিত্রকর্ম খুঁজে পান। কিন্তু সেটি পাওয়ার মধ্য দিয়েই অজান্তে এক ভয়ংকর অভিশাপের সূত্রপাত ঘটানো তিনি। এর পরিণতিতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইস্তাম্বুলের একটি অন্ধকার প্রাসাদে বন্দিজীবন কাটাতে বাধ্য হন মুরাত। বহু বছর পর মৃত্যুশয্যায় থাকা মুরাত তার নাতি ক্যানকে সেই প্রাসাদে ডেকে পাঠান। প্রেমিকা বাসাক ও কয়েকজন বন্ধুকে নিয়ে পারিবারিক সেই প্রাসাদে হাজির হয় ক্যান। কিন্তু সেখানে পৌঁছানোর পরই বদলে যেতে থাকে পরিস্থিতি। ঘন কুয়াশায় বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রাসাদটি। একে একে সামনে আসতে থাকে পরিবারের অতীতের অন্ধকার ইতিহাস। সিনেমাটির অন্যতম আকর্ষণ প্রাচীন মিসরীয় অভিশাপ, রহস্যময় প্রাসাদ এবং বংশপরম্পরায় বয়ে চলা অশুভ শক্তির উপস্থিতি। প্রচলিত জিন-নির্ভর ভৌতিক গল্পের বাইরে গিয়ে মিসরীয় রহস্য ও পারিবারিক গোপন ইতিহাসকে আধুনিক তুর্কি গল্পের সঙ্গে মিশিয়েছেন নির্মাতা। মনস্তাত্ত্বিক ভয়, রহস্য ও টানটান উত্তেজনার সমন্বয়ে নির্মিত সিনেমাটি হররপ্রেমী দর্শকদের আগ্রহ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।