জানা নিউজ

দুর্ভোগ ও অসুবিধার জন্য বিএনপির দুঃখ প্রকাশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন করেন। তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে ঢাকায় লাখ লাখ মানুষের সমাগম ঘটে। এতে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়। এতে আরও বলা হয়, ঢাকা মহানগরীতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে স্বাভাবিক জনজীবনে কষ্ট ও দুর্ভোগ সৃষ্টি হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীরভাবে মর্মাহত। এ অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গতকাল (২৫ ডিসেম্বর) সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় যান। বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার পথে ছিল বিপুল মানুষের ঢল।

পূর্বাচলের ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফুট সড়ক) ছিল লোকে লোকারণ্য। সংবর্ধনা মঞ্চে বক্তব্য দেওয়ার পর তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান।