সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে নারী এশিয়া কাপ। টুর্নামেন্টকে সামনে রেখে অধিনায়কদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেখানে তিনি দুবাইয়ে থাকা বিপুলসংখ্যক বাংলাদেশির সমর্থন চাওয়ার পাশাপাশি জানিয়েছেন, এবারের টুর্নামেন্টে তাদের লক্ষ্য ফাইনাল খেলা। সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১০ লাখ বাংলাদেশি বসবাস করেন। তাদের উদ্দেশে জ্যোতি বলেন, ‘প্রথমত হচ্ছে যে আমরা যতবারই এখানে এসেছি, আমরা অনেক বেশি মানুষের সাপোর্ট পেয়েছি। আমাদের যারা বাঙালি ভাই-বোনরা এখানে আছেন, তারা আসেন মাঠে আমাদেরকে সাপোর্ট করেন। শেষ বার যখন আমরা এসেছিলাম ২০২৪ সালেও, তো আমরা এবারও আশা করছি তারা যেন আসেন এবং আমাদের জন্য চিয়ার করেন মাঠে। আমি বলব বাংলাদেশের মানুষ যেখানেই থাকেন না কেন, তারা সবসময় চায় যেন নারী ক্রিকেট বেটার ওয়েতে অ্যাপ্রোচের প্রত্যেকটা টুর্নামেন্টে আসে।’ এবারের এশিয়া কাপেও ভালো প্রস্তুতি নিয়ে এসেছেন বলে জানান বাংলাদেশ অধিনায়ক। একই সঙ্গে সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে ওঠার প্রত্যাশার কথাও জানান তিনি। জ্যোতি বলেন, ‘আমরা এটাকে (বিশ্বকাপ) সামনে রেখে অনেক ভালো প্রস্তুতি নিয়েছি এবং আমি মনে করি প্রত্যেকবার আসলে আমরা সেমি পর্যন্ত যেয়েই বাড়ি ফিরতে হয়। আমাদের এবারের টার্গেটটা এইরকমই থাকবে যেন আমরা ফাইনাল খেলতে পারি এবং অবশ্যই বাংলাদেশকে যেন আরেকটা কিছু সেলিব্রেশন করার একটা উদ্দেশ্য দিতে পারি।’ সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সের প্রসঙ্গও আসে সংবাদ সম্মেলনে। সেই টুর্নামেন্টে শেষ মুহূর্তে কয়েকটি ম্যাচ হাতছাড়া হওয়ার কথা উল্লেখ করে এবার একই ভুলের পুনরাবৃত্তি না করার প্রত্যয় জানিয়েছেন জ্যোতি। তিনি বলেন, ‘আমি মনে করি আমরা এই টুর্নামেন্টের জন্য খুব ভালো প্রস্তুতি নিয়ে এসেছি। আর আপনি তো টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বললেনই, সেখানে একদম শেষ মুহূর্তে আমরা কয়েকটা ম্যাচ মিস করেছিলাম। তাই আমাদের মূল লক্ষ্য থাকবে যাতে এবার সেই ভুলগুলো না হয় এবং আমরা ভালো মানসিকতা নিয়ে ইতিবাচক ক্রিকেট খেলতে মুখিয়ে আছি।’