জানা নিউজ

দীর্ঘ ১৯ বছরের অপেক্ষা শেষে কর্মস্থলে ২৪৬ পুলিশ কর্মকর্তা

২০০৭ সালে অন্যায় ও অনিয়মতান্ত্রিকভাবে চাকরি হারানো পুলিশের ২৪৬ জন কর্মকর্তা দীর্ঘ ১৯ বছর পর অবশেষে তাদের প্রিয় কর্মস্থলে ফিরে যাচ্ছেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে চাকরি ফিরে পাওয়ার পর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৬ মাস মেয়াদি সমাপনী প্রশিক্ষণ সম্পন্ন করে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তারা দেশের বিভিন্ন কর্মস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর নিজ পেশায় প্রত্যাবর্তন এবং প্রশিক্ষণ সম্পন্ন করে চূড়ান্তভাবে দায়িত্ব পালনের আগমুহূর্তে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় সারদা পুলিশ একাডেমিতে।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে এসআই জাহাঙ্গীর আলম, এসআই আব্দুল মালেক, এসআই জাকের হোসেন, এসআই ফারুক হোসেন, এসআই দিপসহ অনেকেই জানান, দীর্ঘ ১৯টি বছর পরিবার-পরিজন নিয়ে যে সীমাহীন কষ্ট, অনিশ্চয়তা ও সামাজিকভাবে যে লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

তারা বলেন, আমরা আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। কিন্তু আজ আবার পুলিশের পোশাক গায়ে পরতে পেরে এবং দেশের সেবায় আত্মনিয়োগ করার সুযোগ পেয়ে মনে হচ্ছে জীবনের নতুন জন্ম হলো। উল্লেখ্য, ২০০৬ সালে নিয়োগ পাওয়া ২৭তম ব্যাচের ১২০ জন সার্জেন্ট এবং ৪৩তম ব্যাচের ২০৭ জন সাব-ইন্সপেক্টরকে রাজনৈতিক বিবেচনায় ২০০৭ সালের ১৬ মার্চ চাকরিচ্যুত করা হয়। এরপর দীর্ঘ ১৯ বছর লড়াই-সংগ্রাম ও আইনি মোকাবিলার পরে পুনরায় চাকরি ফিরে পান তারা। এরপর ২০২৬ সালে ২০ এপ্রিলে ৮৪ জন সার্জেন্ট এবং ৫ নারীসহ ১৬২ জন সাব-ইন্সপেক্টর চলতি বছরের ২৯ এপ্রিল বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ৬ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য যোগদান করেন।