বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে হেলায় তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৩ জুলাই) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ শিরোনামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, বিএনপি বারবার প্রমাণ করেছে, ধ্বংসস্তূপের মধ্য থেকেও জেগে উঠতে পারে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর অনেকে মনে করেছিলেন বিএনপি শেষ হয়ে যাবে। বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই বিএনপি আবারও খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্রনেতা ও যুবনেতাদের সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে।
তিনি দাবি করেন, বিএনপিকে নিয়ে যেসব অপপ্রচার হচ্ছে, তার পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত কাজ করছে। এ চক্রান্তের লক্ষ্য বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করা। মির্জা ফখরুল বলেন, “এটা মনে রাখতে হবে— বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। এ দল দেশের মানুষের বিশ্বাসের জায়গা, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা শক্তি।”
প্রতিপক্ষের ষড়যন্ত্র মোকাবিলায় দলের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে। পাশাপাশি পড়াশোনা ও সচেতনতার মাধ্যমে সব বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, যাতে তারা রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হতে পারেন। তিনি আরও বলেন, বিএনপির ওপর পরিকল্পিতভাবে সাইবার হামলা চালানো হচ্ছে এবং এবার সেই হামলা থেকে তারেক রহমানও বাদ যাননি, যা অত্যন্ত উদ্বেগজনক।