প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দারুণ এক কীর্তির মালিক হলেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে অসাধারণ ব্যাটিংয়ে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন।
দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসের তালিকায় থাকা তামিম ইকবালকে (৩৩৪) ছাড়িয়ে গেছেন এই মিডল অর্ডার ব্যাটার।দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে বুধবার ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। ৪৫০ বলে ২৫ চার ও ৬ ছক্কায় ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এরপর নামের পাশে আরও রান যোগ করে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় তামিমকে পেছনে ফেলেছেন হৃদয়। তামিম ইকবাল ২০১৯-২০ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ইস্ট জোনের হয়ে ৩৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তামিমের ৩৩৪ রানের ইনিংস এখনো পর্যন্ত সর্বোচ্চ ছিল।তবে হৃদয় টপকে গেছেন এই ইনিংস। হৃদয়ের এই কীর্তি আরও বিশেষ হয়ে উঠেছে পচেফস্ট্রুমের মাঠটির সঙ্গে তার পুরনো সম্পর্কের কারণে। ২০২০ সালে এই মাঠেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই দলের অন্যতম সদস্য ছিলেন হৃদয়। ছয় বছর পর একই মাঠে ফিরে এবার সিনিয়র ক্রিকেটে ব্যাট হাতে নিজের নামটি আরও উজ্জ্বল করলেন তিনি।এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন তামিম ও রাকিবুল হাসান। তামিমের ৩৩৪ রানের পাশাপাশি রাকিবুল ২০০৬-০৭ মৌসুমে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে করেছিলেন ৩১৩ রান। তবে বাংলাদেশের ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখন পুরোপুরি হৃদয়ের দখলে। এই তালিকায় আগের রেকর্ডটি ছিল শাহরিয়ার হোসেন বিদ্যুতের। ২০০৩ সালে পাকিস্তানের করাচিতে ডিফেন্স হাউজিং কমিটি দলের বিপক্ষে ২১৮ রান করেছিলেন তিনি। হৃদয়ের ৩০০ রানের ইনিংসে ভেঙেছে সেই ২৩ বছরের পুরনো রেকর্ডও।