ঢাবি ক্যাম্পাসের জুলাই-গ্রাফিতিসমূহ সংরক্ষণ করা হচ্ছে।
রংকরণ/পুনর্লিখন কার্যক্রমে অংশগ্রহণের জন্য তৎকালীন অঙ্কন শিল্পীদের আমন্ত্রণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে অঙ্কিত জুলাই-গ্রাফিতি সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রংকরণ/পুনর্লিখন কার্যক্রম শুরু করা হচ্ছে। গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে আগামী ২৬ জুলাই রবিবার থেকে এসব গ্রাফিতি রংকরণ/পুনর্লিখন কার্যক্রম শুরু হবে। উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত রংকরণ/পুনর্লিখনের মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হবে। এই কার্যক্রম সমন্বয়ের জন্য চারুকলা অনুষদের ডিন, প্রক্টর এবং আরবরি কালচার সেন্টারের পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। গ্রাফিতি রংকরণ/পুনর্লিখন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী তৎকালীন গ্রাফিতি অঙ্কন শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আগ্রহী শিল্পী ও সৌখিন শিল্পীদের আগামী ২৫ জুলাই ২০২৬ তারিখের মধ্যে ০১৭১৬১১৬০২৩ হোয়াটস্অ্যাপ নাম্বারে নাম ও ঠিকানা নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।
অমর একুশে হলের উদ্যোগে এ উপলক্ষ্যে আগামী ১ আগস্ট সন্ধ্যা ৭:৩০ টায় হল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ উপলক্ষ্যে সলিমুল্লাহ মুসলিম হলের উদ্যোগে আগামী ৩১ জুলাই বিকাল ৪:০০ টায় আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জগন্নাথ হলের উদ্যোগে এ উপলক্ষ্যে আগামী ০২ আগস্ট বিকাল ৩:০০ টায় আলোকচিত্র প্রদর্শনী, সন্ধ্যা ৭:০০ টায় গণসংগীত পরিবেশন, সন্ধ্যা ৭:২০ টায় প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সন্ধ্যা ৭:৩০ টায় সেমিনার ও জগন্নাথ হল উপাসনালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।
শামসুন নাহার হলের উদ্যোগে আগামী ২৬ জুলাই সন্ধ্যা ৬টায় গণ-অভ্যুত্থান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সন্ধ্যা ৭টায় ডকুমেন্টারি প্রদর্শন, ৭:০৫টায় স্মৃতিচারণ, ৭:১৫টায় কবিতা আবৃত্তি, ৭:২৫টায় দলীয় নৃত্য পরিবেশন এবং ৭:৩০টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষ্যে হাজী মুহম্মদ মুহসীন হল “জুলাই স্মৃতিকথন” শীর্ষক বিশেষ সংকলন প্রকাশ করবে। এছাড়া, রোকেয়া হল ৩০ জুলাই, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ২৫ জুলাই, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ২৪ জুলাই, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ২৫ জুলাই, বিজয় একাত্তর হল ২৩ জুলাই এবং ড. কুদরাত-ই-খুদা হোস্টেল ০৫ আগস্ট জুলাই অনুষ্ঠানমালার আয়োজন করবে।