দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার মঞ্চে উঠলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ঝুম বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া কিংবা দীর্ঘ অপেক্ষা-কোনো কিছুই কমাতে পারেনি তার ভক্তদের উচ্ছ্বাস। গত শুক্রবার রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে আয়োজিত কনসার্টে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে সুরের জাদুতে মাতিয়ে তোলেন হাজারো অনুরাগীকে। কনসার্ট শুরুর অনেক আগেই ভেন্যুর বাইরে জড়ো হতে থাকেন দর্শকরা। বিকেল ৩টায় গেট খুলে দেওয়ার পর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন তারা। কেউ ছাতা হাতে, কেউ রেইনকোট পরে, আবার কেউ বৃষ্টিতে ভিজেই প্রবেশ করেন কনসার্টস্থলে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখার আগ্রহে ছিল না কোনো ভাটা। মূল পরিবেশনার আগে মঞ্চে উঠে গান শোনায় দেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। তাদের পরিবেশনায় ধীরে ধীরে জমে ওঠে কনসার্টের আবহ। এরপর রাত ৮টা ৫২ মিনিটের দিকে মঞ্চে ওঠেন আতিফ আসলাম। তাকে দেখেই করতালি, উচ্ছ্বাস আর বাঁধভাঙা আনন্দে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা। মঞ্চে উঠে একে একে নিজের জনপ্রিয় গান ‘ও লামহে ও বাতে’, ‘দিল দিয়া গাল্লা’, ‘তেরা হোনে লাগা হুঁ’, ‘তু জানে না’, ‘আদত’, ‘তেরে লিয়ে ‘ ও ‘মাস্ত কালান্দার’সহ বেশ কয়েটি গান পরিবেশন করেন এই তারকা শিল্পী। প্রতিটি গানের শুরুতেই করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো ভেন্যু। শুধু শিল্পীর গান শোনাই নয়, তার সঙ্গে কণ্ঠও মেলান হাজারো দর্শক। মুহূর্তেই কনসার্ট ভেন্যু পরিণত হয় বিশাল এক সম্মিলিত গানের আসরে। কেউ সুরের তালে দুলেছেন, কেউ মুঠোফোনের আলো জ্বালিয়ে উপভোগ করেছেন প্রিয় শিল্পীর পরিবেশনা। আবার অনেককে চোখ বন্ধ করে গুনগুন করতে দেখা যায় আতিফের গানের সঙ্গে। বৃষ্টিভেজা সন্ধ্যায় এমন আবহ কনসার্টকে আরও স্মরণীয় করে তোলে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে নির্ধারিত এই কনসার্ট নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়ায় শেষ মুহূর্তে বাতিল হয়েছিল। এতে হতাশ হয়েছিলেন হাজারো ভক্ত। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ঢাকার মঞ্চে উঠে নিজের জনপ্রিয় সব গান পরিবেশন করে অনুরাগীদের হৃদয় জয় করলেন আতিফ আসলাম।