ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে কুমিল্লামুখী লেনে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এতে যান চলাচল ব্যাহত হয়।
একপর্যায়ে গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটারজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সেতুর ঢালে কাভার্ড ভ্যানটি বিকল হওয়ায় মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়।
পরে যানবাহনের চাপ বাড়তে থাকলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন থেমে থেমে ও ধীরগতিতে চলাচল করে।ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। গাড়িটি সরানোর কাজ চলছে। আশা করছি, এক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।