জানা নিউজ

টাইগারদের ঐতিহাসিক জয় ১৭ কোটি বাঙালিকে গর্বিত করেছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

অস্ট্রেলিয়ার ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে ঐতিহাসিক টেস্ট জয় লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এই অনন্য অর্জনে তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যাচ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সবাইকে বিশেষ ধন্যবাদ ও অভিনন্দন জানান।

এক আনুষ্ঠানিক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে তাদের শক্তিশালী ক্রিকেট দলের বিপক্ষে মাত্র চার দিনে ৯ উইকেটের এই অবিস্মরণীয় জয় শুধু ঐতিহাসিকই নয়, বাংলাদেশ ক্রিকেটে নতুন সম্ভাবনারও দ্বার খুলে দিয়েছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পুরো দল ব্যাটে-বলে যে আত্মবিশ্বাস ও দাপট দেখিয়েছে, তা ১৭ কোটি বাঙালিকে গর্বিত ও আনন্দিত করেছে। দলের পরিকল্পনা ও পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, ‘পাঁচ দিনের লড়াইয়ের মানসিকতা নিয়ে মাঠে নামার যে লক্ষ্য অধিনায়ক শান্ত সামনে রেখেছিলেন, দল তার চেয়েও দারুণ পারফরম্যান্সে ১১তম সেশনেই জয় নিশ্চিত করেছে। এটি নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দলের এই ঐতিহাসিক জয় দেশের পুরো ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্দীপনা ও প্রেরণা সৃষ্টি করবে। আগামী দিনগুলোতেও জাতীয় দল বিশ্বমঞ্চে এই জয়ের ধারা অব্যাহত রেখে দেশের সুনাম আরও উজ্জ্বল করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।