জানা নিউজ

টঙ্গীতে রান্না ঘরে বিস্ফোরণ: চিকিৎসাধীন দম্পতির মৃত্যু

গাজীপুরের টঙ্গী মুদাফা এলাকায় রান্না ঘরে বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের মেয়ে দগ্ধ হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর থানার কুড়িপাড়া এলাকার লাল চাঁন মিয়া (৬০) ও তার স্ত্রী নাসিমা (৫০)। তারা পরিবারসহ টঙ্গীর মুদাফা এলাকায় বাসায় ভাড়া থাকতো।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর সকালে মুদাফা এলাকায় তাদের ভাড়া বাসায় রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘরে আগুন ধরে যায় এবং পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

এ সময় লাল চাঁন মিয়া, তার স্ত্রী নাসিমা ও তাদের মেয়ে তানিশা অগ্নিদগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে লাল চান মিয়া ও নাসিমা মারা যায়। তাদের মেয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রী দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মেয়ে চিকিৎসাধীন রয়েছে।