জানা নিউজ

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে তার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদনও জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার যুক্তিতর্কের শেষ দিনে রাষ্ট্রপক্ষ এ দাবি জানায়।
রাষ্ট্রপক্ষের পক্ষে সমাপনী বক্তব্যে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণ করতে সক্ষম হয়েছে প্রসিকিউশন। তার ভাষায়, অভিযুক্ত ব্যক্তি কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করেছেন।
অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানকে ‘নৃশংস খুনি’ আখ্যা দিয়ে বলেন, প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ১১৬ জন ব্যক্তির নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে তার সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে। এসব অপরাধের জন্য রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে।
তিনি বলেন, আইনে একজন ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এ মামলায় রাষ্ট্রপক্ষ সেই শাস্তিই চায়। একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তিনি মন্তব্য করেন, অপরাধগুলো পৃথকভাবে বিচার করা হলে অভিযুক্তের বিরুদ্ধে বহুবার মৃত্যুদণ্ডের আদেশ হতে পারত।
রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও জিয়াউল আহসানের অপরাধকে প্রশ্রয় দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাকে যে অস্ত্র দেওয়া হয়েছিল, তা গুম ও খুনের মতো অপরাধে ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলাটির বিচার চলছে। নিরাপত্তাজনিত কারণে কারাগার থেকে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নিচ্ছেন জিয়াউল আহসান। বৃহস্পতিবার ছিল রাষ্ট্রপক্ষের তিন দিনের যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিন। গত মঙ্গলবার থেকে এ পর্যায়ে যুক্তিতর্ক শুরু হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। পরে আসামিপক্ষের সাফাই সাক্ষ্য নেওয়া হয়। এরপর যুক্তিতর্ক শুরু হয়। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ায় এখন আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ রয়েছে। উভয় পক্ষের বক্তব্য ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে ট্রাইব্যুনাল রায়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম, হত্যা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। গত বছরের ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
জিয়াউল আহসান সর্বশেষ জাতীয় টেলিযোগাযোগ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টের মাঝামাঝি সময়ে তিনি গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগের পাশাপাশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে।