জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যার অভিযোগ। সাক্ষীদের বর্ণনায় উঠে এসেছে, নির্বিচারে হত্যার স্বীকার হয়েছেন ১৫০ থেকে ২০০ মানুষ।
সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে এসব হত্যাকাণ্ডের তথ্য শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম ধাপের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। গুমের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা কোনো মামলায় এটিই প্রথম যুক্তিতর্ক উপস্থাপনের ঘটনা।
মামলায় সাক্ষী হিসেবে তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ জিয়াউল আহসানের কয়েকজন সহযোগী সামরিক কর্মকর্তাকে উপস্থাপন করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এসব ঘটনা যারা প্রত্যক্ষ করেছেন, তারা সবাই সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। বাইরের কারও পক্ষে এসব ঘটনার বিস্তারিত বর্ণনা দেওয়া সম্ভব ছিল না। ফৌজদারি আইনে অপরাধের সহযোগীদের সাক্ষী করার বিধান থাকায় তাদের আসামির পরিবর্তে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছে।
আগামীকালও মামলার শুনানি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বাকি সাক্ষীদের জবানবন্দি উপস্থাপনের পর প্রসিকিউশন আইনের ব্যাখ্যা দেবে। এরপর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই ধাপের শুনানি শেষ হবে।