নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছে অস্ট্রেলিয়া। অজিদের মতো ইংলিশরাও সেমিফাইনালে পেয়েছে একপেশে জয়। আগামীকাল রোববার লর্ডসে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতেছিল ৮ উইকেটে। ইংল্যান্ড তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ৪০ রানের ব্যবধানে। লন্ডনে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান জড়ো করে স্বাগতিক দল। দলের পক্ষে একাই ৭৫ রান করেন অধিনায়ক ন্যাট স্কাইভার-ব্রান্ট। ৪৭ বল মোকাবেলায় ১১টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া হিদার নাইট ৪৭ বলে ৫৮ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি করে উইকেট পান শাবনিম ইসমাইল ও ননকুলুলেকো এমলাবা। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ। ওপেনার তাজমিন ব্রিটস ৪৫ বলে করেন ৫১ রান। আর কেউ ২০ এর গণ্ডিও পার হতে পারেননি। ইংল্যান্ডের পক্ষে লরেন বেল ও চার্লি ডিন দুটি করে উইকেট শিকার করেন। এবারের বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড একবারই শিরোপা জিতেছে, ২০০৯ সালে।, অস্ট্রেলিয়া জিতেছে ৬ বার। দেখার পালা, এবার ইংলিশরা ঘরের মাঠে অজিদের হতাশা উপহার দিতে পারে কি না।