প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচে ভয়াবহ এক মুহূর্তের সাক্ষী হয়েছে বায়ার্ন মিউনিখ ও আরবি লাইপজিগের ম্যাচ। বায়ার্ন মিউনিখের জার্মান তারকা জামাল মুসিয়ালা গোল করার কয়েক মিনিট পরই হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন। মুহূর্তেই সতীর্থ ও প্রতিপক্ষের খেলোয়াড়দের মধ্যে তৈরি হয় উৎকণ্ঠা। তবে সতীর্থ ইসমায়েল সাইবারির দ্রুত তৎপরতায় মাটিতে শক্তভাবে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পান মুসিয়ালা। ম্যাচে বায়ার্ন মিউনিখ ৩-১ গোলে জয় পেয়েছে। তবে দলের জয়ের চেয়েও ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে ছিল মুসিয়ালার মাঠে পড়ে যাওয়ার ঘটনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন ২৩ বছর বয়সী মুসিয়ালা। ৮১ মিনিটে মাঠে নামার পর খুব বেশি সময় নেননি নিজের উপস্থিতি জানান দিতে। বায়ার্নের হয়ে ম্যাচের তৃতীয় গোলটি করেন তিনি। গোলের পর সতীর্থদের সঙ্গে উদ্যাপনও করেন জার্মান এই ফরোয়ার্ড। কিন্তু গোল করার কয়েক মিনিট পরই আচরণে অস্বাভাবিকতা দেখা যায় তার মধ্যে। হঠাৎ করেই তাকে কিছুটা দিশেহারা ও ভারসাম্যহীন মনে হতে থাকে। এরপর ধীরে ধীরে পড়ে যেতে শুরু করেন তিনি। ঠিক সেই মুহূর্তে পাশে থাকা সতীর্থ ইসমায়েল সাইবারি দ্রুত মুসিয়ালাকে ধরে ফেলেন। ফলে সরাসরি মাটিতে আছড়ে পড়া থেকে রক্ষা পান তিনি। এরপর বায়ার্নের চিকিৎসক দল দ্রুত মাঠে ছুটে আসে এবং মুসিয়ালার শারীরিক অবস্থা পরীক্ষা করে। কিছুক্ষণ চিকিৎসা ও পর্যবেক্ষণের পর নিজেই উঠে দাঁড়াতে সক্ষম হন মুসিয়ালা। পরে সতীর্থ ও চিকিৎসকদের সহায়তায় মাঠের বাইরে চলে যান তিনি। মাঠ ছাড়ার সময় অবশ্য তাকে কিছুটা ক্লান্ত ও দিশেহারা দেখাচ্ছিল। মুসিয়ালার হঠাৎ এমন পরিস্থিতির সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বায়ার্ন মিউনিখ। তবে ম্যাচ চলাকালে মিউনিখে তীব্র গরম ছিল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের সময় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল এবং কোথাও কোথাও তা ৩৩ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছিল। অতিরিক্ত গরমের কারণে মাথা ঘোরা বা দুর্বল হয়ে পড়া এই ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রাথমিক পর্যবেক্ষণে গুরুতর কোনো চোটের ইঙ্গিত পাওয়া যায়নি বলেই পরবর্তী প্রতিবেদনে জানানো হয়েছে। মুসিয়ালা নিজের পায়ে হেঁটেই মাঠ ছাড়তে পেরেছেন- যা কিছুটা স্বস্তি দিয়েছে বায়ার্ন শিবিরকে। বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবেরলও পরে মুসিয়ালাকে নিয়ে স্বস্তির খবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, মুসিয়ালা ভালো আছেন।