জানা নিউজ

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০

গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে জেলা শহরের ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি মিছিল বের করা হয়।

মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক মারধর করেন। এ ঘটনার জের ধরে রাতে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন সড়কে দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সড়কে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এতে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।