জানা নিউজ

কোচ টুখেলের পাশে দাঁড়ালেন কেইন

ইংল্যান্ডের কোচ থমাস টুখেল সেমিফাইনালে ওঠার পরও নিজের দলের পারফরম্যান্সের সমালোচনা করে আলোচনার জন্ম দেন। এমনকি তার মন্তব্যের সমালোচনা করেছিলেন জুড বেলিংহ্যামও। নরওয়েকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড, যদিও ম্যাচটিতে নরওয়ে রেফারিং নিয়ে বঞ্চিত হওয়ার অভিযোগ তোলে। তবে টুখেলের পাশে দাঁড়িয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড, যিনি ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং চলতি বিশ্বকাপেও ৬ গোল করে বেলিংহ্যামের সঙ্গে যৌথভাবে দলের সর্বোচ্চ স্কোরার, মনে করেন কোচের হতাশার কারণ হলো অনুশীলনে যে মানের ফুটবল দলটি খেলতে পারে, ম্যাচে তারা সেটি দেখাতে পারছে না। টুখেল সম্পর্কে কেইন বলেন, ‘অনুশীলনে তিনি আমাদের যে ঐক্য, সামর্থ্য এবং মান দেখেন, বিশেষ করে আমাদের আক্রমণভাগ; এক-অন-ওয়ান লড়াই এবং ব্যক্তিগত দক্ষতা। তিনি শুধু চান ম্যাচেও আমরা সেই রূপটা দেখাই।’ এরপর আরও বলেন, ‘তিনি সবার চেয়ে ভালো জানেন যে বিষয়টা এত সহজ নয়। আমরা ভালো ভালো প্রতিপক্ষের বিপক্ষে খেলছি। তিনি আমাদের কাছ থেকে সেরাটা বের করে আনতে চাইছেন, আর আমরাও জানি আমরা আরও ভালো খেলতে পারি। কিন্তু এখনো সেই সেরা পারফরম্যান্স দেখাতে পারিনি।’ শেষে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমরা সেমিফাইনালে উঠেছি, এটা উপভোগ করা উচিত। এখন বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে খেলবো। আমাদের খেলায় অনেক ইতিবাচক দিকও রয়েছে।’