ভোরের আলো ফোটার আগেই কুয়াকাটা বঙ্গোপসাগরে গঙ্গা পূজা ও গঙ্গা স্নানের মধ্য দিয়ে কলাপাড়া ও কুয়াকাটায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী রাশ উৎসব। গত সোমবার রাতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এতে অর্ধ লক্ষাধিক পুণ্যার্থী ও পর্যটকের সমাগম হয়। রাশ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কুয়াকাটা ও কলাপাড়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে বিশাল শান্ত সাগরের নীল জলে গঙ্গা স্নান করলে জাগতিক পাপ দূর হয় এ বিশ্বাসে প্রতিবছর পূর্ণিমা তিথির এ শুভলগ্নে শঙ্খধ্বনি ও ঢাক, ঢোলের বাদ্যের তালে তালে কলাপাড়া ও কুয়াকাটায় শুরু হয় রাশ উৎসব। এ উৎসবকে ঘিরে গত সোমবার বিকালে কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দির ও তীথর্যাত্রী সেবাশ্রম থেকে সাগর তীরে গঙ্গাপূজা ও নামকীর্তন করে অধিবাসের মঙ্গল ঘট স্থাপন করে। রাতে বের হয় শোভাযাত্রা। একই সময় গোপাল মূর্তি নিয়ে কলাপাড়ার মদন মোহন সেবাশ্রম থেকেও শোভাযাত্রা বের হয়। রাত ১১টার পর পূর্ণিমা তিথির শুভলগ্নে কলাপাড়ায় বৃন্দাবনের আদলে তৈরি রাশ কুঞ্জে বসানো হয় রাধা কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা। এ সময় অষ্ট সখী সাতবার রাশ কুঞ্জ প্রদক্ষিণ করে স্থাপন করে মঙ্গল ঘট। মদন মোহন সেবাশ্রমে ৯৯ বছর ধরে উদ্যাপন হয়ে আসছে এ রাশ উৎসব। রাশ উৎসবে আসা পুণ্যার্থীরা বলেন, সারা রাত ধর্মীয় আলোচনা এবং নামকীর্তন শেষে তারা ভোরে গঙ্গাস্নান করেন। এরপর রাশ মেলা থেকে তারা শাঁখা, সিঁদুরসহ সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করবেন। তারা প্রতি বছর এ উৎসবের জন্য অপেক্ষা করেন। কুয়াকাটা গঙ্গা স্নান করে অনেক তাদের পরলোকগত বাবা-মা ও স্বজনের নামে পিণ্ড দান করে মাথা মুণ্ডন করেন। পুণ্যার্থী পাপিয়া, আয়ুস্মান মিত্র বলেন, তাদের বাবা মারা গেছে ১১ বছর আগে। গয়ায় গিয়ে বাবার নামে পিণ্ড দান করতে না পেরে কুয়াকাটায় পিণ্ড দান করেন। কুয়াকাটায় গঙ্গাস্নান করে পুণ্যার্থীরা বলেন, মনের কালিকা ও পাপ মোচনের আশায় তারা গঙ্গা স্নান করেছেন। আর রাশ কুঞ্জ আসা ভক্তরা বলেন, সারা রাত ধর্মীয় প্রার্থনা শেষে সাগরে গঙ্গাপূজা ও গঙ্গা স্নান করে কলাপাড়ার রাশ কুঞ্জ পরিদর্শনে এসেছেন। তাদের তো বৃন্দাবন যাওয়া হয় না, তাই এ রাশ কুঞ্জে আসেন ঈশ্বরের কৃপা সান্নিধ্য লাভের আশায়। রাশ উৎসবে আসা ব্যবসায়ীরা বলেন, কলাপাড়ায় রাশ মেলায় বিক্রি ভালো হয়। তাই ইতিমধ্যে শতাধিক ব্যাবসা প্রতিষ্ঠান তাদের পণ্য সাজিয়ে বসেছে। আগামী শনিবার পর্যন্ত চলবে এ মেলা। কলাপাড়া মদন মোহন সেবাশ্রম রাশ উৎসব উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক নীল রতন হালদার বলেন, আগামী শনিবার পর্যন্ত চলবে রাশ মেলা। উৎসবে প্রশাসনের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এখানে দেড় শতাধিক ব্যবসায়ী এসেছেন। তাদের আশা এবার লক্ষাধিক মানুষের সমাগম হবে। আর মেলায় বিক্রি ছড়াবে কোটি টাকায়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, গঙ্গা স্নানকে ঘিরে প্রশাসনের কড়া নিরাপত্তার পাশাপাশি মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এ ছাড়া রাশ উৎসব উপলক্ষ্যে বাউল গান, কবি গানের আয়োজন করা হয়েছে। কুয়াকাটায় রাশ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, কুয়াকাটায় পাশাপাশি মসজিদ, মন্দির। কিন্তু তারপর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যুগ যুগ ধরে চলছে এ উৎসব। এটাই বাংলাদেশের সম্প্রীতি। বর্তমান সরকারের আমলে সব ধর্মের মানুষ নিরাপদে তাদের উৎসব উদ্যাপন করে আসছে। এবারও নির্ভয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সরকার তাদের সব ধরনের সহায়তা প্রদান করছে।