কুমিল্লায় এইচআইভি (হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস) সংক্রমণে বা এইডসে আক্রান্ত হয়ে পাঁচ মাসে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৬৭২ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের এইচআইভি এইডস এইচটিসি/এআরটি সেন্টারের কাউন্সিলর কাম অ্যাডমিন মো. আরিফ হাসান এসব আজ শুক্রবার তথ্য নিশ্চিত করে জানান, “সর্বশেষ ২৫ মে ২১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এর আগে ১৩ মে ৪৯ বছর বয়সী একজন এবং ৮ মে ৩৫ বছর বয়সী আরেকজন পুরুষ মারা যান। মৃত তিনজনই কুমিল্লা জেলার বাসিন্দা। তাদের মধ্যে ২১ বছর বয়সী ওই যুবক ২০২১ সালেও এইচআইভি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন। চলতি বছরে জানুয়ারিতে দুজন, মার্চে একজন, এপ্রিলে একজন এবং মে মাসে তিনজন মারা গেছেন।”
কুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে গেছে, বর্তমানে কুমিল্লা জেলার ৩৮৫ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। আর কুমেক এআরটি সেন্টারে মোট চিকিৎসা গ্রহণকারীর সংখ্যা ৬১৫ জন। ২০১৯ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ৬ হাজার ৬৪৬টি পরীক্ষায় ২৭৮ জন শনাক্ত হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৪৬ জন।
কুমেক এআরটি সেন্টারের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত কয়েক বছরে শনাক্ত রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। ২০১৯ সালে ২২৬টি পরীক্ষায় ১৫ জন শনাক্ত হলেও ২০২৫ সালে ১ হাজার ৪৪২টি পরীক্ষায় ৭২ জন শনাক্ত হন। আর চলতি বছরের পাঁচ মাসেই ৩৭ জন শনাক্ত হয়েছেন।