তিনি আরও বলেন, ‘এখন আমরা এখানে তর্ক করব, বিতর্ক করব, এখানেই থাকবে। আমার কিছু বক্তব্য হয়তো মাননীয় বিরোধীদলীয় নেতার প্রতি ইঙ্গিতপূর্ণ ছিল, সত্য। কিন্তু তিনিও কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। আমি এই বিতর্কে যাব না। আমার বাড়ি কক্সবাজার হওয়া তো অপরাধ নয়, মাননীয় স্পিকার! আর এই মাদকের সৃজন তো আর আমি করিনি। এটা আমাদের বহন করে যেতে হচ্ছে রোহিঙ্গা রিফিউজি আসার পর থেকে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সংকট তৈরি হয়েছে এবং আমরা তা মোকাবিলার চেষ্টা করছি। আমাদের একজন সেনাবাহিনীর সদস্য অল্প কয়েক দিন আগেই মাদক পাচারকারী ও মানব পাচারকারীদের রুখতে গিয়ে শহীদ হয়েছেন। সেখান থেকে ৫৬ জন নিরীহ মানুষ, নারী-শিশুসহ নারী-পুরুষকে জিম্মি অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা, মাননীয় স্পিকার।’
তিনি বলেন, ‘আমরা পদক্ষেপ নিচ্ছি, চেষ্টা করছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো, সেনাবাহিনীসহ সবাই যৌথভাবে ওই সীমান্তে কাজ করছে। প্রচেষ্টা অব্যাহত আছে। আশা করি, তাঁরা বিষয়টি বুঝবেন।’