জানা নিউজ

এসএসসি অকৃতকার্যদের ক্যারিয়ার গঠনে উদ্যোগ, ৩–৬ মাসে পরীক্ষা

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গঠনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। পাশাপাশি আগামী বছর থেকে অকৃতকার্য শিক্ষার্থীদের তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণসাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাহদী আমিন বলেন, অনুষ্ঠানে আসার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কথা হয়েছে।

প্রথমবারের মতো এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের তালিকা তৈরি করে তাদের ক্যারিয়ার গঠনে উদ্যোগ নেওয়া হবে।তিনি বলেন, ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে এসব শিক্ষার্থীকে সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরির দিকে এগিয়ে নেওয়া হবে।

এবার ছয় লাখ শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার পেছনে একক কোনো কারণ নেই উল্লেখ করে মাহদী আমিন বলেন, আগামী বছর থেকে অকৃতকার্য শিক্ষার্থীদের তিন থেকে ছয় মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।