শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
টুর্নামেন্টের উদ্বোধন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বর্তমান সরকারের সময়ে ক্রীড়াঙ্গন কতটা গতি পেয়েছে, সিলেটের এই আয়োজনই তার জ্বলন্ত প্রমাণ। ১২ বছর বয়সে এই সিলেট জেলা স্টেডিয়াম থেকেই নিজের ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল উল্লেখ করে তিনি সিলেটের প্রতি গভীর ভালোবাসার কথা জানান।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার ৯ মাস অতিক্রম করেছে। প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী আমরা আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের চিত্র বদলে দেব। তখন অলিম্পিক, এশিয়ান গেমস কিংবা কমনওয়েলথ গেমসে আমরা শুধু অংশগ্রহণের জন্য যাব না, বরং পদকের জন্য লড়াই করব।
বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, মাহবুব আলী খান ছিলেন সিলেটের শ্রেষ্ঠ সন্তান। তিনি তাঁর দূরদর্শিতা দিয়ে সমাজে নেতৃত্ব দিয়েছেন। নতুন প্রজন্মের উচিত তাঁর আদর্শ অনুসরণ করা।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের এই ঐতিহ্যবাহী মাঠ থেকে বহু খেলোয়াড় ফুটবল, ক্রিকেট ও হকিতে খেলে জাতীয় পর্যায়ে জায়গা করে নিয়েছেন। কিন্তু বিগত ১৭ বছর আমরা মাঠে কোনো খেলাধুলা দেখিনি; কেবল নামসর্বস্ব ফেডারেশন ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মকসুদ হোসেন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব রেজাউল করিম নাচন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, এসএমপি কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, জিমখানা ক্লাবের সভাপতি ফয়সল আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি প্রমুখ।
আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে সিলেট সিটি করপোরেশনের একটি এবং জেলার ১৩টি উপজেলা মিলিয়ে মোট ১৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে সিলেট সদর উপজেলা ও জৈন্তাপুর উপজেলা দল পরস্পরের মুখোমুখি হয়।